রাজধানীতে শুরু হয়েছে ষষ্ঠ ‘ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৩: ০৫
বক্তৃতা দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে (এনএসটিসি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬’। এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তরুণ বিজ্ঞানীরা’। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তাদের গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরছেন।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত এই কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি।’

মন্ত্রী আরও বলেন, সরকার একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে এসটিইএম শিক্ষার প্রসার, গবেষণাকে বাজারে রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তরুণ বিজ্ঞানীদের তিনি দেশের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান, এবং বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান দেশের কাজে লাগানোর অনুরোধ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দিয়ে একটি ‘জাতীয় এআই ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেটা নিরাপত্তা নিশ্চিত করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে এআই-এর কার্যকর ব্যবহার নিশ্চিতে সমন্বিত নীতিমালা ও গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া এসটিইএম শিক্ষা, ন্যানো ও বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে কাজ চলছে। শিগগিরই একটি ‘জাতীয় ইনোভেশন ফেয়ার’ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অবস্থান করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন ও কর্মক্ষেত্রকে পরিবর্তন করছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। আমাদের উচিত প্রযুক্তির মাধ্যমে দেশের বাস্তব সমস্যা সমাধান করা।’

৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন কংগ্রেসের চেয়ারপার্সন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ এস এম মতিউর রহমান। এ ছাড়া সূচনা বক্তব্য দেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির।

দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও তরুণ বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন। আয়োজনটি রোববার শেষ হবে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত