ভাগাড়ে প্লা‌স্টি‌কের জা‌রে দুই মানবভ্রূণ, তদন্তে পুলিশ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১০
প্লাস্টিকের জার হাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী জাকির হো‌সেন। ছবি: সংগৃহীত
প্লাস্টিকের জার হাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী জাকির হো‌সেন। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর নতুন বাজারে ময়লার ভাগাড়ে প্লা‌স্টি‌কের পৃথক জারে রাখা দুটি মানবভ্রূণ পেয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এগুলো ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায় তারা।

পুলিশের ধারণা, ভ্রূণ দুটির বয়স ছয় থেকে সাত মাস। একটি ছেলে ও অন্যটি মেয়ে ভ্রূণ। তবে ভ্রূণ দুটি কীভাবে ময়লার স্তূপে এল, কারা রেখেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি আল-মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মানবভ্রূণ উদ্ধার করেন তারা। সুরতহাল প্রতি‌বেদনের পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এটি অবৈধ গর্ভপাতের ঘটনা কিনা, তা নিশ্চিত হওয়া যাবে। তদন্তে এই ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে নতুন বাজার এলাকায় দিনের জমে থাকা ময়লা পরিষ্কার করছিলেন প‌রিচ্ছন্নকর্মীরা। গাড়িতে ময়লা তোলার সময় পরিচ্ছন্নতাকর্মী জাকির হো‌সেন দুটি প্লাস্টিকের জার পান। এতে মানবভ্রূণের অবয়ব দেখতে পেয়ে সহকর্মীদের জানান তিনি।

জাকির হো‌সেন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের কার্যালয়ের সামনে ড্রেন পরিষ্কার করতে গিয়ে বয়ামে দুটি বাচ্চা দেখতে পাই। একটি ছোট; আরেকটি বড় বয়াম ছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি সবাইকে জানাই। পরে নতুন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে বয়াম দুটি হেফাজতে নেন।’

শেবাচিম হাসপাতালের লাশঘরের অস্থায়ী কর্মচারী আলমগীর হোসেন জানান, তাঁর ছোট ভাই জাকির প্রথমে ভ্রূণ দুটি দেখতে পায়। পরে সে পুলিশে জানায়। বয়াম দুটি পুলিশ নিয়ে গেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত