leadT1ad

ছেলেদের নামে ইউনিয়ন, প্রতিমন্ত্রী বললেন অলৌকিক মিল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২১: ৪০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তাঁর দুই ছেলে ও বংশের নামে ইউনিয়ন পরিষদ গঠন নিয়ে সংসদে সমালোচনা হয়েছে। সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর এক সদস্য বলেন, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে নবগঠিত দুই ইউনিয়ন পরিষদের নামকরণ হয়েছে। তবে প্রতিমন্ত্রী তা অস্বীকার করে দাবি করেন, অলৌকিকভাবে তাঁর ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।

প্রতিমন্ত্রীর দুই ছেলের মধ্যে বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জের পাঁচটি এবং মোকামতলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। গেজেট রোববার (১৪ জুন) প্রকাশিত হলে নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

শিবগঞ্জে গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে, নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নে নামকরণ করা হয়েছে– ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

অভিযোগ উঠেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তাঁর পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে, তাঁর দুই ছেলে সীমান্ত এবং দিগন্তের নামানুসারে মোকামতলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ১১(১) ধারা অনুযায়ী, জেলা প্রশাসক সরকারি গেজেটে কয়েকটি গ্রাম বা সংলগ্ন মৌজা বা গ্রামের সমন্বয়ে একটি ওয়ার্ড এবং ৯টি ওয়ার্ডের সমন্বয়ে একটি ইউনিয়ন ঘোষণা করতে পারেন। নবগঠিত ইউনিয়নের নাম নির্ধারণ করবেন জেলা প্রশাসক। তবে কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে না।

আইনে এই বিধান থাকার পরও কীভাবে প্রতিমন্ত্রীর সন্তানদের নামে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে, এই প্রশ্ন সংবাদমাধ্যমে আসার পর সোমবার মাগরিবের নামাজের বিরতির আগে সম্পূরক বাজেট আলোচনায় বিষয়টি উপস্থাপন করেন বিরোধীদল জামায়াতের সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নের নাম উনার মীর বংশের নামে মীরবাড়ি নামকরণ করেছেন। উনার দুই সন্তান দিগন্ত ও সীমান্ত নামে দুটো ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। প্রধানমন্ত্রী যা চান সেটাই তো মন্ত্রীদের চাওয়ার কথা। বিগত ফ্যাসিস্ট সময়ে নাম সংশোধনী করতে অনেক সময় কেটে গিয়েছিল। এখন একই সংস্কৃতি আমাদের মাঝে ফিরছে।

বিরতির পর প্রতিমন্ত্রী শাহে আলমকে কৈফিয়ত দেওয়ার সুযোগ দিতে স্পিকারের কাছে অনুরোধ জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফ্লোর পেয়ে প্রতিমন্ত্রী শাহে আলম দাবি করেন, তাঁর ছেলেদের নামে নয়, স্থানীয়ভাবে প্রশাসনিক যাচাইবাছাই এবং গণশুনানি করে এলাকার নামে নবগঠিত ইউনিয়ন দুটির নামকরণ করেছেন জেলা প্রশাসক।

তিনি বলেন, নবগঠিত মোকামতলা ইউনিয়নে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ আয়তনে অনেক বড়। এই ইউনিয়ন ভেঙে সীমান্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে। কারণ, গাবতলী এবং সোনাতলা উপজেলার ইউনিয়নটি সীমান্তবর্তী। আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী। তা গাইবান্ধা জেলার সীমান্তবর্তী। দূরবর্তী হওয়ায় নাম দেওয়া হয়েছে দিগন্ত। যদিও দেউলী ইউনিয়নের নাম পরিবর্ত নয়, ইউনিয়নটি ভেঙে দিগন্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রী শাহে আলম ১২টি প্রতিষ্ঠানের মালিক। এর একটি মীর সীমান্ত ফিলিং স্টেশন, আরেকটি মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি। তবে সংসদে সমালোচনার কৈফিয়তে প্রতিমন্ত্রী দাবি করেন, অলৌকিকভাবে তাঁর সন্তানদের নামের সঙ্গে ইউনিয়ন পরিষদের নাম মিলে গেছে ঠিকই। কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম– নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কিন্তু নামের আগে তো মীর নেই।

সরকারি দলের সদস্যরা এ সময় নাম টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীকে সমর্থন জানান। এরপর মীর শাহে আলম বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে, সংসদ সদস্য বলেননি– বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড, ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। উনি যে দয়া করে বলেননি গুলশান ১-এ যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার।’

এই পর্যায়ে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দিগন্ত এবং সীমান্ত নামের এলাকা স্থাপনার তালিকা তুলে ধরেন।

Ad 300x250

সম্পর্কিত