আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে দায়ীদের শাস্তি দাবি এবি পার্টির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৮: ৩৯
এবি পার্টির লোগো।ছবি: সংগৃহীত

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে পোস্টডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

বুধবার (২৭ মে) এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি আধুনিক হাসপাতালের পোস্টডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয়টি নবজাতকের মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা নয়; বরং এটি চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং দেশের স্বাস্থ্যখাতের ভয়াবহ দুর্বলতার নির্মম প্রতিচ্ছবি।

নেতারা স্বজনদের বরাত দিয়ে জানান, শিশুদের শারীরিক অবস্থার অবনতি শুরু হলেও দায়িত্বরত নার্সদের সময়মতো পাওয়া যায়নি। অনেক দেরিতে শিশুদের আইসিইউতে নেওয়া হয় এবং কয়েকজন শিশুকে মৃত্যুর পর আইসিইউতে স্থানান্তরের অভিযোগও উঠেছে। তারা বলেন, এ ধরনের ঘটনা হাসপাতাল ব্যবস্থাপনার ভয়াবহ ব্যর্থতাকেই সামনে নিয়ে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, যে মুহূর্তটি নবজাতকদের পৃথিবীতে নিরাপদ আগমনের প্রতীক হওয়ার কথা ছিল, সেই মুহূর্তেই অবহেলা ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে তাদের প্রাণ ঝরে যাওয়া পুরো জাতির জন্য গভীর বেদনা ও লজ্জার বিষয়।

এবি পার্টির নেতারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য থেকেই স্পষ্ট যে সংশ্লিষ্ট ওয়ার্ডে ন্যূনতম নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়নি। একটি কক্ষে এসি বিকল হয়ে যাওয়ার পরও বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছাড়া সেটি কীভাবে রোগীসেবার জন্য চালু রাখা হয়েছিল, সেই প্রশ্নের জবাব জাতির কাছে স্পষ্ট করা প্রয়োজন।

তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাত অব্যবস্থাপনা, জবাবদিহিতার অভাব, বাণিজ্যিক মানসিকতা ও দুর্নীতির কারণে গভীর সংকটে রয়েছে। নবজাতকদের এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি রাষ্ট্রীয় অবহেলা ও ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার নির্মম বহিঃপ্রকাশ।

বিবৃতিতে এবি পার্টি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সকল হাসপাতালের নিবিড় পরিচর্যা ও পোস্টডেলিভারি ইউনিটের নিরাপত্তা ও ভেন্টিলেশন ব্যবস্থা জরুরি ভিত্তিতে পর্যালোচনার দাবি জানায়।

এবি পার্টির দুই নেতা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘কোনো ভাষাই এই শোকের ভার লাঘব করতে পারবে না। আমরা নিহত নবজাতকদের পরিবারের পাশে আছি এবং তাদের এই শোকে সমানভাবে শোকাহত।’

সম্পর্কিত