ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্যহীন সচিবালয়, উপস্থিতিও কম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৪: ২১
বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ৭ দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) অফিস শুরু হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকায় সচিবালয়ে কাজ চলছে ঢিমেতালে। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে।

সচিবালয়ের আইন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন ভবন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সব কর্মকর্তা-কর্মচারীরা না ফিরলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এ দিন সকাল ৯টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন। আর সকালেই সচিবালয়ে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অনেক কর্মকর্তা-কর্মচারী এখনও ছুটিতে রয়েছেন। ফলে বেশ কিছু কক্ষে নির্ধারিত সংখ্যার তুলনায় উপস্থিতি ছিল অনেক কম।

সরেজমিনে দেখা গেছে, কোনো কোনো কক্ষ একেবারেই ফাঁকা। খাদ্য মন্ত্রণালয়ের ১২৫ নম্বর কক্ষে পাঁচজন কর্মকর্তার বসার ব্যবস্থা থাকলেও ছিলেন মাত্র দুজন। একই মন্ত্রণালয়ের ১৩২ নম্বর কক্ষে চার কর্মকর্তার মধ্যে ছিলেন মাত্র একজন, বাকি তিনজনই এখনও রয়েছেন ছুটিতে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০৬/ক নম্বর কক্ষে পাঁচ কর্মকর্তার মধ্যে চারজনই ছুটিতে থাকায় দাপ্তরিক কাজ সামলাচ্ছিলেন একজন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১০২/ক নম্বর কক্ষে প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ের চারজনের বসার ব্যবস্থা থাকলেও উপস্থিত ছিলেন একজন। একই মন্ত্রণালয়ের ১০৩ নম্বর কক্ষে নির্ধারিত তিন কর্মকর্তার কাউকেই দেখা যায়নি। আর বাণিজ্য মন্ত্রণালয়ে ছয়জনের ১২৭ নম্বর কক্ষে কাজ করছিলেন মাত্র দুজন।

এদিকে, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের রেশ কাটতে দেখা যায়নি। অনেককে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা আদান-প্রদান এবং কোলাকুলি করতে দেখা যায়। প্রথম দিনের একটি বড় অংশ কেটে যায় শুভেচ্ছা বিনিময়েই।

তবে সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো গাড়িতে পূর্ণ দেখা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের ছুটি শেষে অনেকেই এখনও রাজধানীতে ফিরছেন। ফলে প্রথম কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

গত বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে শুরু হয় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি।

সম্পর্কিত