প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও সহজ হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫২
জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ এবং প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে লিখিত উত্তরে এ কথা জানান তিনি।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে প্রক্রিয়াগুলো দ্রুত ও স্বচ্ছ করার ওপর জোর দেওয়া হচ্ছে। ই-পাসপোর্ট চালু থাকা বিদেশি মিশনগুলোতে প্রবাসীরা সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক প্রদান ও আবেদনের অগ্রগতি জানতে পারছেন। দূতাবাসগুলো কেবল আবেদন নেয়, মূল নথি ঢাকা থেকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রিন্ট করে পাঠায়। বিতরণের জন্য প্রস্তুত হওয়া মাত্রই গ্রহীতাকে তাৎক্ষণিকভাবে খুদে বার্তা অথবা ই-মেইলে তথ্য জানানো হয়।

খলিলুর রহমান জানান, এ পর্যন্ত ১৭টি রাষ্ট্রের ২৭টি কূটনৈতিক দপ্তরের মাধ্যমে ভোটার নিবন্ধন এবং এনআইডি কার্ড বিতরণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে এই নাগরিক সুবিধা পৌঁছে দিতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সমস্যা সমাধানে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রামের’ অংশ হিসেবে ঢাকা থেকে দক্ষ কারিগরি দল পাঠিয়ে জটিলতা নিরসনের সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী আরও জানান, কনস্যুলার কার্যক্রমে গতি আনতে অনলাইনে সত্যায়ন ব্যবস্থা ও ‘ই-অ্যাপোস্টিল’ চালু করায় সেবাগ্রহীতাদের অর্থ কিংবা সময়ের অপচয় লক্ষণীয় মাত্রায় হ্রাস পেয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম-মৃত্যু সনদের তথ্য যাচাইয়ের উদ্দেশ্যে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একক ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

একই সঙ্গে প্রতিটি বৈদেশিক মিশনে অভিযোগ নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণসহ ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত