বরিশালে পুনঃনিরীক্ষণে বদল ৪ হাজারের বেশি ফল, ফেল থেকে পাস ৭৯
স্ট্রিম সংবাদদাতাবরিশাল

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর বরিশাল শিক্ষা বোর্ডে ৪ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য (ফেল) থেকে উত্তীর্ণ (পাস) হয়েছে ৭৯ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এতে পুনঃনিরীক্ষণের আবেদন করা প্রতি ১০০ জনের প্রায় ২৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল।
বোর্ডের তথ্য অনুযায়ী, পুনঃনিরীক্ষণে ১ হাজার ৫ জনের গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের নম্বরে পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাসের হার আবেদনকারীদের মধ্যে শূন্য দশমিক ৪৬ শতাংশ, নতুন করে জিপিএ-৫ পাওয়ার হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। গ্রেড পয়েন্ট পরিবর্তনের হার ৫.৮২ শতাংশ এবং নম্বর পরিবর্তনের হার ১৮.০৪ শতাংশ।
এর আগে ১০ আগস্ট প্রকাশিত মূল ফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬০.৩৫ শতাংশ। এবার ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের ৮২ হাজার ৯০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৪৫৮ জন ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করে ৪৮ হাজার ৫৫৫ জন। পুনঃনিরীক্ষণের ফলে এই পাসের হার বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ।
মূল ফলে ৩১ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। পুনঃনিরীক্ষণের পর তাদের মধ্যে অন্তত ৭৯ জন পাস করেছে, যা মূল ফলে অকৃতকার্য পরীক্ষার্থীদের প্রায় শূন্য দশমিক ২৫ শতাংশ।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




