যুক্তরাজ্যকে ‘ইসলামি প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে নেতানিয়াহুর কটাক্ষ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২২: ০২
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ‘ইসলামি প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে কটাক্ষ করেছেন। ঐতিহাসিকভাবে মিত্রদেশ হলেও ইসরায়েল নিয়ে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমের সংবাদের সমালোচনায় এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রচারিত ‘মেলেখ ব্লিৎজার হাইম’ পডকাস্টে উদাহরণ হিসেবে ব্রিটিশ লেখক র‍্যান্ডলফ চার্চিলের কথা উল্লেখ করেন নেতানিয়াহু। ১৯৬৭ সালে তাঁর সময়ে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল নিয়ে ‘ইতিবাচক’ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন তিনি।

এরপর ব্যঙ্গ করে নেতানিয়াহু বলেন, ‘আজকের ব্রিটেনে গিয়ে দেখুন, এটিকে আপনি ইসলামি প্রজাতন্ত্র ব্রিটেন বলতে পারেন। ইসরায়েলি গণমাধ্যমে অনূদিত মন্তব্যে এমনটাই বলা হয়েছে।’

পডকাস্টে নেতানিয়াহু ২০২২ সালে জেডি ভ্যান্সের করা একটি মন্তব্যের প্রসঙ্গ তোলেন। তখন ভ্যান্স বলেছিলেন, যুক্তরাজ্য সম্ভবত প্রথম পারমাণবিক অস্ত্রধারী ‘ইসলামপন্থি দেশ’।

নেতানিয়াহু বলেন, কেউ একজন বলেছিলেন, পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামি প্রজাতন্ত্র হবে ব্রিটেনের ইসলামি প্রজাতন্ত্র।

এরপর তিনি বলেন, ইরান যেন আরেকটি এমন দেশ না হয়, তা আমরা নিশ্চিত করছি।

ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না নেতানিয়াহু

যুক্তরাজ্যকে নিয়ে নেতিবাচক মন্তব্যের পর নেতানিয়াহুর সমালোচনা করেছেন তার দেশেরই সংগঠন মুভমেন্ট ফর প্রগ্রেসিভ জুডাইজমের সহ-প্রধান র‍্যাবাই চার্লি বাগিনস্কি ও র‍্যাবাই জোশ লেভ।

তারা বলেন, ইহুদিবিদ্বেষ, মুসলিমবিদ্বেষ এবং সামাজিক বিভাজন আমাদের দেশে প্রকৃত ভয়ের সৃষ্টি করছে। এ ধরনের ভাষা বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের পক্ষে কথা বলেন না। তাঁর কথাগুলো আমাদের প্রতিনিধিত্ব করে না।

ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ২০২৪ সালে যুক্তরাজ্যে প্রগতিশীল লেবার পার্টি ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বেড়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

এর মধ্যে গত বছর যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ ছাড়া ইসরায়েলি সরকারের কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিরিচের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে দেশটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে লেবার পার্টির প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চান। তিনি বলেন, যুদ্ধবিরতির আহ্বান জানাতে দলটি খুব ধীরগতিতে এগিয়েছিল।

এ ছাড়া সাবেক লেবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সময় যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করা হয়। পাশাপাশি কিছু অস্ত্র রপ্তানি লাইসেন্সও স্থগিত করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত