তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ, অনুসন্ধানের আশ্বাস চিফ প্রসিকিউটরের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

গণমাধ্যমকে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। স্ট্রিম ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক কর্মকর্তার বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট তথ্য পেলে তা ট্রাইব্যুনালের ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ বা সত্যানুসন্ধান কমিটির আওতায় এনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটরের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়। পাশাপাশি প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটির অগ্রগতির কথাও জানান তিনি।

ব্রিফিংয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাসউদুর রহমান চিফ প্রসিকিউটরকে বলেন, 'ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে আপনারা প্রসিকিউশনের বিষয়গুলো নিয়ে তদন্ত করছেন। কিন্তু আমার কাছে একটি অডিও আছে; যেখানে তদন্ত সংস্থার একজন কো-অর্ডিনেটর এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে ফোন দিয়ে বলছেন যে টাকা ছাড়া এর সমাধান হবে না। আপনি চাইলে আমি অডিওটি দিতে পারি।'

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হলেও তদন্ত সংস্থার কর্মকর্তাদের এমন অন্যায়ের তদন্ত কে করবে—সাংবাদিকের এই প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'চিফ প্রসিকিউটর হিসেবে প্রসিকিউশন টিমের প্রধান হলেও আমি ইনভেস্টিগেশন এজেন্সিরও অংশ। তদন্তকারী কোনো কর্মকর্তা যদি কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেখানে আমি সরাসরি হস্তক্ষেপ করতে না পারলেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারব।'

সাংবাদিক ওই কর্মকর্তার নাম বলতে চাইলে চিফ প্রসিকিউটর তাঁকে থামিয়ে দিয়ে বলেন, 'তদন্তের স্বার্থে নামটা গোপন থাকুক। আপনি ব্যক্তিগতভাবে আমাকে তথ্য দিন। সুনির্দিষ্ট তথ্য পেলে প্রয়োজনে এসব বিষয়ও ফ্যাক্টস ফাইন্ডিংয়ের আওতায় আনা হবে।'

এর আগে ১৫ এপ্রিল ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকেও ডাকবে বলে জানিয়েছেন বর্তমান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, 'যেহেতু তিনি প্রসিকিউশনের প্রধান ছিলেন, তাই তাঁর কাছ থেকে সার্বিক একটি বক্তব্য নেওয়া হবে। তিনি সম্ভবত এখন দেশের বাইরে আছেন। দেশে ফিরলে তাঁর বক্তব্য নেওয়া হবে।'

গত ১০ মার্চ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারকে জামিনে মুক্ত করার কথা বলে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠে তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ ছাড়া প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিমের কক্ষে একজন আসামির স্ত্রীর ‘ভারী ব্যাগ’ নিয়ে প্রবেশ এবং ওই আসামির রাজসাক্ষী হিসেবে খালাস পাওয়ার অভিযোগও সামনে আসে।

বর্তমান চিফ প্রসিকিউটর জানান, সাইমুম রেজা তালুকদার ইতিমধ্যেই টেলিফোনে কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাঁকে আবারও ডেকেছে। এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও হজে থাকা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অপেক্ষায় প্রতিবেদন দিতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত