নাগরিক সেবাকে আমানত ভেবে কাজ করার আহ্বান ফয়েজ তৈয়্যবের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ০৬
ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

আইসিটি বিভাগের নবনিয়োগপ্রাপ্তদের দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব। সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নবনিয়োগপ্রাপ্ত অফিস সহায়কদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ সময় দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই ৪৯৭ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত। তিনি জানান, উপজেলা পর্যায়ের আইসিটি অফিসগুলোই সাধারণ মানুষের কাছে সরকারের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি। তাই নাগরিকদের অনলাইন সেবা, নিবন্ধন ও সাইবার সিকিউরিটি সহায়তায় নবনিয়োগপ্রাপ্তদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, মাঠপর্যায়ে আইটি সাপোর্ট প্রদান এবং স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতা করা আইসিটি বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তিনি কর্মকর্তাদের নিজ উদ্যোগে কারিগরি দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সেবার মান আরও উন্নত করার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন জনবল দেশের ডিজিটাল ট্রান্সফরমেশন ও নাগরিক সেবা সম্প্রসারণে বিশেষ অবদান রাখবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সভাপতিত্ব করেন এবং নবনিয়োগপ্রাপ্তদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অধিদপ্তরের কর্মপরিকল্পনা ও সততার গুরুত্ব তুলে ধরেন।

সম্পর্কিত