হজের ব্যয় কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২১: ৪৯
সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

হজের ব্যয় কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের বছরের তুলনায় এ বছরে হজযাত্রীদের বিমানভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা করা হয়েছে। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রীদের যাতায়াতের ব্যবস্থা হয়েছে।

মন্ত্রী জানান, আগামী বছরগুলোতে বিমান ভাড়া আরও কমাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে সৌদি আরবের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড উমরার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ, মোয়াল্লেম ফি এবং মিনা-আরাফাতের তাঁবুর ব্যয় কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। সরকারের লক্ষ্য হজের বিভিন্ন সেবার ব্যয় হ্রাস করে আগামীতে হজের মোট খরচ আরও কমিয়ে আনা।

তিনি জানান, ২০২৬-এ বাংলাদেশি হজযাত্রীদের নিরাপদ যাতায়াত, উন্নত আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সুবিধা দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এবার তিন ভিন্ন ক্যাটাগরির হজ প্যাকেজ করা হয়েছে। এসব প্যাকেজের আওতায় মক্কায় মসজিদুল হারামের বহিঃচত্বর থেকে যথাক্রমে ৭০০ মিটার, ১ দশমিক ২ কিলোমিটার এবং ১ দশমিক ৫ কিলোমিটারের মধ্যে উন্নত মানের হোটেল ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

হজযাত্রা সহজ ও প্রযুক্তিনির্ভর করতে ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে এবং যাত্রীদের জন্য মোবাইল রোমিং ও হজ প্রি-পেইড কার্ডের সুবিধা রয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে হজ-সংক্রান্ত সেবা পেতে ২৪ ঘণ্টার কল সেন্টার ১৬১৩৬ চালু করা হয়েছে। পাশাপাশি ই-হজ সিস্টেমে প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের সুবিধা রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত