বিদেশি ফ্রেইট ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নে বাধা নেই: এনবিআর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২০
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, পূর্বে অনুমোদন পাওয়া বিদেশি ফ্রেইট ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নে কোনো বাধা নেই। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে সংস্থাটি।

এনবিআরের কাস্টমস মামলা ও বিরোধ নিষ্পত্তি শাখা থেকে জানানো হয়েছে, কেবল বিদেশি মালিকানার কারণে ২০১৫ সালের ১ জুলাইয়ের আগে লাইসেন্স পাওয়া কোনো ফ্রেইট ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের নবায়ন আবেদন বাতিল করা যাবে না।

নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানকে বিধি-৯ অনুযায়ী নির্ধারিত ফি জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। নথিপত্র ঠিক থাকলে এবং শর্ত পূরণ হলে লাইসেন্স নবায়ন করা হবে।

এনবিআর জানায়, ২০০৮ সালের মূল বিধিমালার বিধি ৬(৩)(খ) অনুযায়ী আংশিক বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদেশি শেয়ারের সর্বোচ্চ সীমা ছিল ৪৯ শতাংশ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ন্যূনতম ৫০ লাখ টাকা থাকার বাধ্যবাধকতা ছিল।

২০১৫ সালের ১ জুলাই এক সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশি শেয়ারের সর্বোচ্চ সীমা কমিয়ে ৪০ শতাংশ করা হয়। ওই প্রজ্ঞাপনে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে নতুন লাইসেন্স দেওয়া বন্ধ করা হয়।

ওই প্রজ্ঞাপন জারির পর মাঠপর্যায়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রশাসনিক জটিলতা ও বিভ্রান্তি দূর করতেই নতুন আদেশ জারি হয়েছে।

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্যে পণ্য পরিবহন, গুদামজাতকরণ এবং কাস্টমস ক্লিয়ারেন্সে ফ্রেইট ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখে। এ ধরনের প্রতিষ্ঠান শিপিং লাইন, এয়ারলাইনস ও ট্রাক মালিকদের সঙ্গে সমন্বয় করে নিরাপদে ও কম খরচে পণ্য গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত