কিশোর হত্যায় সন্দেহভাজনদের বাড়িঘর ভাঙচুর, আসবাব পুকুরে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৩: ২১
কিশোর হত্যায় সন্দেহভাজনদের বাড়িতে ভাঙচুর চালায় পরিবার। স্ট্রিম ছবি

গাইবান্ধায় পুকুরে চুবিয়ে কিশোরকে হত্যায় সন্দেহভাজনদের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। পরে আসবাবপত্র পাশের পুকুরে ফেলা হয়।

বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার উত্তর হরিণ সিংহা গ্রামে ওই হামলা চালায় নিহত কিশোর রাহাতের (১৫) পরিবার ও স্বজনেরা। অবশ্য গতকাল (১৬ জুন) ঘটনার পর সন্দেহভাজন দুই কিশোরসহ তাদের পরিবার সটকে পড়েছে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে রাহাতের বিক্ষুব্ধ স্বজনরা বাঁশ, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি আসবাবপত্র পুকুরে ফেলে দেয়। আগুন দেওয়ারও চেষ্টা করেন তারা। তবে আশপাশের বাড়ির লোকজনের বাধায় পারেননি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে গ্রামের হাওয়াই দিঘির মোড়ের দিঘিতে গোসল করতে নামে রাহাত, সাকিব (১৫) ও রিফাত (১৫)। কোনো একটি বিষয়ে তর্কের জেরে সাকিব ও রিফাত মিলে ওই সময় রাহাতকে পানিতে চোবানো শুরু করে। রাহাত নিস্তেজ হয়ে গেলে দুই কিশোর পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অভিযুক্তদের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে এবং রিফাত সাইদুল ইসলামের ছেলে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত