রাজধানীতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৪

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৮: ৩৯
গ্রেপ্তারের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার প্রস্তুতিকালে ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) ঢাকার শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা-পুলিশ।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল কিছু লোক। পরে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আহম্মেদ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার, নয়ন শেখ; যুবলীগের ইব্রাহিম, যুবলীগের রাকিব ও মোঃ রাকিব।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর কলেজ গেট এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ৮ সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কবির ওরফে হুমায়ুন কবির, কালাম ফরাজি, কবির হাওলাদার, সিরাজ, হেলাল হোসেন, আলী রাজ হোসেন, স্বপন মিয়া ও মুরাদ ওরফে মুরাদ মাতবর।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

Ad 300x250

সম্পর্কিত