জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি নিরাপত্তায় ৪-৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে আইনি নোটিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আইনি নোটিশ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) সম্ভাব্য বিঘ্ন ঘটার ঝুঁকি থেকে দেশের অর্থনীতি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা রক্ষায় সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে অবিলম্বে চার থেকে ছয় মাসের কৌশলগত জ্বালানি তেলের রিজার্ভ (স্ট্র্যাটেজিক ফুয়েল অয়েল রিজার্ভ) গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

রোববার (১৫ মার্চ) জনস্বার্থে এই নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। মন্ত্রিপরিষদ সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান বরাবর ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বৈশ্বিক ভূ-রাজনীতি ও বাংলাদেশের আমদানিনির্ভরতার বিষয়টি তুলে ধরে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং কৃষি খাত মূলত মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা জ্বালানি তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম অস্থিতিশীল। এর ফলে বিশ্বব্যাপী তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা বাংলাদেশের প্রধান জ্বালানি সরবরাহ রুটকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।’

এছাড়া, রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে বিকল্প জ্বালানি সংগ্রহের পথও সংকুচিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে হঠাৎ কোনো বিঘ্ন ঘটলে দেশের অবকাঠামো অচল হয়ে পড়বে, চরম মূল্যস্ফীতি দেখা দেবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং জনগণের মৌলিক অধিকার চরম হুমকির মুখে পড়বে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়।

সংবিধানের ১৫, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে আইনি নোটিশে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নাগরিকদের বেঁচে থাকার মৌলিক চাহিদা এবং অর্থনৈতিক ও জীবনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে এতে উল্লেখ করা হয়।

নোটিশদাতা আইনজীবী মো. মাহমুদুল হাসান বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়ার মতো (হ্যান্ড টু মাউথ ) জ্বালানি সংগ্রহের ওপর নির্ভর করা রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে চরম অবহেলা। এছাড়া বাংলাদেশের জ্বালানি তেলের স্বল্প রিজার্ভ দেশের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য চরম হুমকি। তাই জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় অবিলম্বে ৪ থেকে ৬ মাসের কৌশলগত জ্বালানি রিজার্ভ গড়ে তোলার নীতি প্রণয়ন ও বাস্তবায়ন অপরিহার্য।’

১৫ দিনের সময় বেঁধে দিয়ে রিটের হুঁশিয়ারি

নোটিশে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে এই কৌশলগত জ্বালানি রিজার্ভ গড়ে তোলার প্রক্রিয়া শুরু করতে এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্টদের জানাতে দাবি জানানো হয়েছে।

আইনজীবী মাহমুদ বলেন, বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে, বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট (পিআইএল) দায়ের করা হবে বলে।

সম্পর্কিত