জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

গণঅভ্যুত্থানই সব সংস্কারের মূল ভিত্তি: নাহিদ ইসলাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানই বর্তমান সংস্কার এবং এই সরকারের মূল ভিত্তি ও বৈধতা।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, কমিশনের কোনো কার্যক্রমকে এখন অসাংবিধানিক বলার সুযোগ নেই। জনগণের রায় সংস্কারের পক্ষে আসার পরও সংসদ সেটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

গণভোটের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, গণভোট কোনো নতুন বিষয় নয়; এটি অতীতেও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মীমাংসিত ছিল। বিএনপির অনেক সংসদ সদস্য এবং স্বয়ং দলীয় প্রধানও একসময় গণভোটের পক্ষে প্রচার চালিয়েছেন। কিন্তু এখন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটিকে অবজ্ঞা করার চেষ্টা করা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তিন দলীয় জোটের রূপরেখা ভঙ্গ করায় তৎকালীন সরকারকে চড়া মূল্য দিতে হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।

অন্তর্বর্তী সরকার এবং সংস্কার প্রক্রিয়ার বৈধতা নিয়ে নাহিদ ইসলাম বলেন, সবকিছু সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। গণঅভ্যুত্থানই হচ্ছে বর্তমান সংস্কার, অন্তর্বর্তী সরকার এবং এই নির্বাচনের মূল ভিত্তি ও বৈধতা।

অধিবেশন শেষে এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ২০২৪ সালের ৮ আগস্টের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তখন রাষ্ট্র এক গভীর সংকটে ছিল। সার্বভৌমত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছিল।

গণভোট নিয়ে সংসদের বর্তমান অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতি যে গণভোটের আদেশ দিয়েছেন, সেটিকে এখন অসাংবিধানিক বলা হচ্ছে—অথচ একই প্রক্রিয়ায় হওয়া সংসদীয় নির্বাচনকে সাংবিধানিক বলা হচ্ছে। এটি একটি দ্বিমুখী অবস্থান। অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না—এমন ডুয়াল অবস্থান কোনোভাবেই স্পষ্ট নয়।

হাসনাত আবদুল্লাহ জানান, এনসিপি সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সম্পর্কিত