জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১১
এআই জেনারেটেড ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় সংস্থাটি এই অভিনন্দন জানায়। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব সংস্থাটি।

জাতিসংঘের এই অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সকল রাজনৈতিক অংশীজনকে বর্তমান গণতান্ত্রিক গতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় সংহতি জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা এবং বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার বিষয়ে কড়া আহ্বান জানান।

ছবি: জাতিসংঘ বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নেওয়া
ছবি: জাতিসংঘ বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নেওয়া

জাতিসংঘের মতে, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দেশ যখন একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রমের দিকে এগিয়ে চলেছে, তখন সেই প্রক্রিয়াকে সফল করতে সব পক্ষর রাজনৈতিক সদিচ্ছা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংকালে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব প্রত্যাশা করেন যে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এই উত্তরণের পথ সুগম হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।

জাতিসংঘের এই ইতিবাচক বার্তাকে বাংলাদেশের নতুন রাজনৈতিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত