
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।
.png)






