জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২২: ৩৯
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারাও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন।

ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া জাতীয় সংসদের চিফ হুইপও রাজধানীতে ঈদের নামাজ পড়বেন।

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলায় নামাজ পড়বেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের জামাতে অংশ নেবেন। মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও সংসদ সদস্যরা নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত