আদ-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে ঘুরেও তাদের লাইসেন্স বাঁচাতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১৩ জুন) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে, কিন্তু তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। টাকার জন্য আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না।’

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, সেবার নামে এই প্রতিষ্ঠানটি মানুষকে দীর্ঘ দিন ধরে হয়রানি করে আসছিল। তিনি দাবি করেন, এই অন্যায়ের পেছনে সরাসরি জামায়াতে ইসলামীর নেতারা ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগের সরকার দেশের টাকা বাইরে পাচার করলেও বর্তমান সরকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কাজ করছে।

চিকিৎসা সেবা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, একটি নতুন পাইলটিং স্কিমের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের প্রাথমিক সেবা দেওয়া হবে। এরপর স্বাস্থ্যকর্মীদের পরামর্শে প্রয়োজনীয়তার ভিত্তিতেই রোগীরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবেন। এ ছাড়া চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যাবিশিষ্ট দুটি বড় বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে শিশু ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ স্থানীয় দলীয় নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত