জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০: ৫২
ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় হবে আজ সোমবার। এ মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়।

গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের মামলাগুলোর মধ্যে এটিই প্রথম। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ২৩ অক্টোবর মামলাটি রায়ের জন্য আজ সোমবার দিন ধার্য করেন টাইব্যুনাল।

গত ১০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাঁরা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্য আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে নিজের দোষ স্বীকার করে ‘রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হয়েছেন।

জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ‘প্রাণঘাতী’ (লেথাল উইপন) অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ তিনি গত বছরের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন।

সম্পর্কিত