হাম ও উপসর্গ

তিন হাসপাতালের তথ্য যোগ, লাফিয়ে ৪০০ ছাড়াল মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্ট্রিম গ্রাফিক

হাম ও রোগটির উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে সাত শিশু।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৫০৩ জন।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য সমন্বয় করায় মোট মৃত্যুতে উল্মফন হয়েছে। গতকাল শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর যেখানে সন্দেহজনক হামে মোট মৃত্যু ২৯১ উল্লেখ করেছিল, রোববার তা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪০৯ জনে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জন। তাদের মধ্যে মারা গেছে ৬৫ জন। এই সময়ে সন্দেহজনক হাম রোগী দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে, যাদের মধ্যে মারা গেছে ৩৪৪।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৪ হাজার ৯০৯ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৮৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

Ad 300x250

সম্পর্কিত