ইরানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৯
মধ্য ইরানে একটি ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

মধ্য ইরানে একটি ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক দুই পাইলট ও দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এই ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্তের স্থানে সেনাবাহিনীর একটি বড় বিমানঘাঁটি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং উদ্ধারকর্মীদের আগুন নেভাতে দেখা যায়।

সামরিক বিমান চলাচল প্রশিক্ষণ কেন্দ্র এক বিবৃতিতে নিহত সেনাসদস্যদের পরিচয় জানিয়েছে। তাঁরা হলেন—পাইলট কর্নেল হামেদ সারভাজাদ এবং সহ-পাইলট মেজর মোজতবা কিয়ানি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত সংবাদে বলা হয়, হেলিকপ্টারটি ফল বাজারে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। এ সময় পাইলটদের পাশাপাশি ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন।

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

উল্লেখ্য, এক সপ্তাহেরও কম সময় আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে গভীর রাতে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই বিমানটি যুক্তরাষ্ট্রে নির্মিত পুরোনো এফ-৪ মডেলের ছিল বলে জানা গেছে। ওই ঘটনায় এক পাইলট নিহত হন। তবে অন্য পাইলট সফলভাবে ইজেক্ট করতে পেরে বেঁচে যান। এই দুর্ঘটনারও তদন্ত চলছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেটিও সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরান নিজেদের পুরোনো সামরিক ও বেসামরিক বিমান বহর আধুনিকায়ন করতে পারছে না। যদিও রাশিয়া থেকে বেশ কয়েকটি যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান কিনেছে দেশটি। এছাড়া উন্নত সু-৩৫ যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে; তবে মস্কো এখনো সেগুলো সরবরাহ করেনি।

এদিকে, সুইজারল্যান্ডের জেনেভায় আসছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরুর কথা রয়েছে ইরানের। তার আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়। যদিও আলোচনা চলার পাশাপাশি দেশ দুটির মধ্যে উত্তেজনাও ক্রমশ বাড়ছে। পারস্য উপসাগরে সামরিক উপস্থিতিও নজিরবিহীনভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যেই এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল।

ইরানি কর্মকর্তারা অবশ্য সতর্ক করে বলছেন, ওয়াশিংটন সামরিক উপস্থিতি জোরদার করলেও; যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান ‘নতিস্বীকার’ করবে না।

বিষয়:

ইরান
Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত