স্বর্ণালংকার কিনতে ভরিতে কমবে ৮৪০০ টাকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ জুন ২০২৬, ২১: ৩১
স্বর্ণালঙ্কার। ছবি: সংগৃহীত

স্বর্ণালংকার কেনার খরচ কমাতে বাজেটে বড় ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তিনি সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় ভ্যাট এবং উৎসে কর কমানোর প্রস্তাব দেন।

নতুন এই নিয়ম কার্যকর হলে প্রতি ভরি গয়না কিনতে ক্রেতাদের আগের চেয়ে অন্তত ৮ হাজার ৪০০ টাকা কম খরচ হবে।

ভ্যাটের নতুন হার

বর্তমানে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচার ক্ষেত্রে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। অর্থমন্ত্রী এই ভ্যাট কমিয়ে প্রতি ভরি সোনার গয়নার ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন।

অর্থাৎ গয়নার দাম যাই হোক না কেন, ভ্যাট হিসেবে ভরিতে ২ হাজার ৫০০ টাকাই দিতে হবে।

খরচ কমছে যেভাবে

বৃহস্পতিবার বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা (দাম প্রায়শই ওঠানামা করছে)। ৫ শতাংশ ভ্যাট হিসেবে এই এক ভরি গয়নার জন্য একজন ক্রেতাকে বর্তমানে দিতে হয় ১০ হাজার ৯১৭ টাকা।

বাজেটের নতুন প্রস্তাব অনুযায়ী, ভ্যাটের পরিমাণ হবে নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা। ফলে প্রতি ভরি সোনার গয়না কিনতে ক্রেতাকে ভ্যাট বাবদ ৮ হাজার ৪১৭ টাকা কম দিতে হবে।

উৎসে কর কমছে

ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীদের জন্যও কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বর্ণালংকার সরবরাহের ক্ষেত্রে বর্তমানে ৫ শতাংশ হারে উৎসে কর দিতে হয়। অর্থমন্ত্রী এটি কমিয়ে দশমিক ৫ (০.৫) শতাংশ করার প্রস্তাব দিয়েছেন।

মূলত গত এক বছরেরও বেশি সময় ধরে বাজারে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে গিয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতেই সরকার কর ও ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, সোনার বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং গয়না কেনায় সাধারণ মানুষের বাড়তি খরচের বোঝা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে বৈধ পথে সোনার অলংকার কেনাবেচা বাড়বে বলে আশা করছে সরকার।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত