কাতারে সড়কে গেল সিলেটের ৫ যুবকের প্রাণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। ছবি: ফোকাস বাংলা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের পাঁচ যুবক নিহত হয়েছেন। দেশটির সানাইয়া এলাকায় রোববার (২১ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীরা হলেন, কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) ও দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

কাতারের বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, এই দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। তাঁরা স্থানীয় একটি বকরি খামারে কাজ করতেন।

স্বজনের সূত্রে জানা গেছে, পাঁচ যুবক একটি পিকআপ ভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ছয়জন প্রাণ হারান। লাশগুলো কাতারের স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল জানান, পাঁচজনের মৃত্যুর তথ্য তাঁরা পেয়েছেন। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

কাতারে পাঁচজন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নুর আরও বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পাঁচ বাংলাদেশির লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দিয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহত ব্যক্তিদের পরিবারগুলোর পাশে রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

কাতারে সড়কে গেল সিলেটের ৫ যুবকের প্রাণ