leadT1ad

নিত্যপ্রয়োজনীয় পণ্যে ট্যাক্স কমানোয় কষ্ট পেয়েছে বিরোধী দল: প্রধানমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পর বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ট্যাক্স কমানোয় বিরোধী দল কষ্ট পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে (১৩ জুন) কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট নাকি বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে, কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার ৬০টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিল—এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো?’

তিনি আরও বলেন, ‘আজ সময় এসেছে, কারা জনগণের বন্ধু এবং কারা নয়, এটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমরা অতীতে দেখেছি, জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। এই প্রথম আমরা চেষ্টা করছি, প্রিয় ভাই-বোনেরা, বিএনপি যেমন অতীতেও চেষ্টা করেছে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তারেক রহমান বলেন, ‘আপনারা বলেছেন এইখানে শহীদ জিয়া খাল খনন করেছিলেন, দেশনেত্রী খাল খনন করেছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন। এই কাজগুলোর মাধ্যমে ধীরে ধীরে দেশের অবস্থার পরিবর্তন হচ্ছিল। কিন্তু যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময়ে তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি, তাকে তারা বন্ধ করতে চেয়েছিল।’

জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের শক্তিই হচ্ছে আমাদের শক্তি। জনগণের সমর্থনই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমর্থন। যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব।’

Ad 300x250

সম্পর্কিত