ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে অফিস, বসবাস স্পিকারের বাড়িতেই

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৯: ১৫
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও থাকবেন স্পিকারের বাসভবনে। শনিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবনে, তবে বসবাস করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনে।

তিনি জানান, রোববার বেলা সাড়ে ১১টায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন এবং জিয়ারত করবেন।

এরই মধ্যে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর রয়েছে।

এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

হাফিজ উদ্দিন আহমদ তখন বলেন, ‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত