
পদ্মা নদীর ফরিদপুরের চর-ভদ্রাসন অংশে জেলেদের ‘হাজারি’ বড়শিতে ধরা পড়ছে একটি কুমির। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে। পরে রশি দিয়ে বেঁধে কুমিরকে নদীতে রাখা হয়।
ফরিদপুরে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মিঠাপানির কুমিরটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা।
স্থানীয় সূত্র জানায়, মাছ ধরার জন্য রোববার (২৬ এপ্রিল) রাতে পদ্মায় হাজারি বড়শি ফেলেন চার জেলে সাগর ব্যপারী, স্বপন বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস। সোমবার সকালে তারা বড় মাছ ভেবে বড়শি তুলে কুমির পান। পরে প্রশাসনে খবর দেওয়া হয়।
কুমিরটি দেখতে কাজীবাড়ি ঘাটে ভিড় করেন লোকজন। পরে কুমিরটিকে নিরাপদ স্থানে রাখা হয়।
চর-ভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন জানান, কুমিরটি তারা পাহারা দিচ্ছেন। বন বিভাগের কর্মকর্তাদের কাছে এটি হস্তান্তর করা হবে।
ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, বন বিভাগকে জানানো হয়েছে। খুলনা বিভাগীয় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কর্মকর্তারা রওনা দিয়েছেন। তারা কুমিরটি সংরক্ষণের জন্য নিয়ে যাবেন।
.png)






