নির্বাচিত হয়ে ৬ কর্মপরিকল্পনা দিলেন খলিলুর রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১: ১৮
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (পিজিএ) হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ছয়টি বিষয়ে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান মোট ১৯০ ভোটের মধ্যে পান ৯৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।

পরে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন একটি গুরুত্বপূর্ণ অধিবেশন হবে। কারণ, এই পরিষদকে জাতিসংঘ সংস্কার, বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার পরবর্তী প্রজন্মের প্রস্তুতি, পরবর্তী মহাসচিব নির্বাচনের মাধ্যমে জাতিসংঘের নেতৃত্বে পরিবর্তন এবং এ ধরনের অন্যান্য বিষয় মোকাবিলা করতে হবে। এসব বিষয় আমাদের সামনে বিদ্যমান জরুরি বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর পাশাপাশি সামনে আসবে, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি ও নিরাপত্তা এবং ক্রমবর্ধমান উন্নয়ন বৈষম্য।

তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য পরবর্তী অধিবেশনের সভাপতি হিসেবে আমি আমার ভিশন স্টেটমেন্টে উল্লেখিত ছয়টি অগ্রাধিকারের ওপর গুরুত্ব দেব– শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার; টেকসই উন্নয়ন এবং এসডিজি বাস্তবায়নের গতি ত্বরান্বিত করা; জলবায়ু সহনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব; মানবাধিকার, মানবিক কার্যক্রম, শরণার্থী ও অভিবাসী; ডিজিটাল শাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নবায়িত বহুপক্ষীয়তা, ইউএন ৮.০ সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত হওয়ার পর আমি সাধারণ পরিষদকে বলেছি– আমি আস্থা পুনর্গঠন, ঐকমত্য গড়ে তোলা এবং সদিচ্ছাপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করতে নিজেকে উৎসর্গ করব। এটি এমন ফলাফল বয়ে আনবে, যা সবারই নিজস্ব বলে বিবেচিত হবে। আমি অবিচলভাবে জাতিসংঘ সনদ সমুন্নত রাখব এবং সভাপতির আচরণবিধির পূর্ণ অনুসরণে সভাপতির দায়িত্ব পরিচালনা করব। আমি সব সদস্য রাষ্ট্রের সভাপতি হব। আমার কাজের ধারাবাহিকতায় আমি সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করব।

তিনি বলেন, পিজিএ হিসেবে দায়িত্ব পালনে আমি ব্যক্তিগত মতামতকে প্রভাব ফেলতে দেব না। পার্থক্যকে উপেক্ষা না করে আমি অভিন্ন অবস্থান খুঁজে বের করার চেষ্টা করব। আমি আমার কার্যালয়কে ভৌগোলিক, লিঙ্গ ও ভাষাগত ভারসাম্য প্রতিফলিত করে সাজাব। ছোট প্রতিনিধিদলগুলোর প্রয়োজন পূরণে বিশেষভাবে কাজ করবে– এমন একটি গ্রুপ সভাপতির কার্যালয়ের মধ্যে গঠন করা আমার প্রাথমিক অগ্রাধিকারগুলোর একটি হবে। আমি সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সংগঠন ও সম্পদ বিষয়ে মহাসচিবের সঙ্গে পরামর্শ করব।

খলিলুর রহমান বলেন, আজ আমি সব সদস্য রাষ্ট্রকে পিজিএ ট্রাস্ট ফান্ডে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছি, যাতে সভাপতির কার্যালয়ের কাজ আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়। আমি তাদের সঙ্গে কাজ করব, যাতে একটি শক্তিশালী ইন্টার্নশিপ কর্মসূচির জন্য পর্যাপ্ত দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা যায়।

তিনি বলেন, আমি সভাপতির কাজকে এককালীন কোনো ঘটনা হিসেবে দেখি না, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখি। তাই বর্তমান ও পূর্ববর্তী ইউএনজিএ সভাপতিদের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো আমি এগিয়ে নিয়ে যাব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সংস্থার প্রতি জনগণের আস্থা বাড়ানোর একটি প্রধান উপায় হলো জাতিসংঘের জনগণের কাছে আমাদের সফলতার গল্পগুলো তুলে ধরা। এই কাজ করার সর্বোত্তম মাধ্যম হলো জাতিসংঘের প্রেস কর্পস। এই লক্ষ্যে আমি আপনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং এটিই আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমার দরজা সবার জন্য খোলা থাকবে এবং আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখব। আমি একটি কার্যকর যোগাযোগ দল গঠন করব, যা আমার পুরো সভাপতিত্বে আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত