সারা দেশে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা (সাভার), জামালপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ

সাভার, জামালপুর, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) বিকেলে ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন কৃষক ও একজন নৌকার মাঝি রয়েছেন।

সাভারে ৩ জনের মৃত্যু

ঢাকার সাভারে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বনগাঁওয়ের বলিয়ারপুরের পাঁচআনি পাড়ার বদ্দু বেপারীর ছেলে দ্বীন ইসলাম (৪৫), একই এলাকার মো. দুলাল (৬০) এবং অজ্ঞাত এক বৃদ্ধ।

পুলিশ জানায়, বিকেলে বৃষ্টির সময় কৃষি জমিতে কাজ করছিলেন তাঁরা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন বলেন, ‘বিকেলে কুন্ডা এলাকায় কৃষি কাজ করার সময়ে বজ্রপাতে তিনজন কৃষকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।’

সিংগাইরে ২ কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে জামির্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে সন্ধ্যায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কবির হোসেন ও শহিদুল ইসলাম মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তাঁরা আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সাভারের হেমায়েতপুরে জামাল ক্লিনিক নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃষ্টির সময় মাঠে কাজ করার ক্ষেত্রে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

জামালপুরে একজনের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন। উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুসা ফকির ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার নাহিদ দুজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কিশোরগঞ্জে একজনের মৃত্যু
কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে বাবুল সরকার (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওরে এ দুর্ঘটনা ঘটে। বাবুল সরকার নেত্রকোণা মোহনগঞ্জের নারাজ গ্রামের কাছু মিয়ার ছেলে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাবুল সরকারসহ কয়েকজন একটি নৌকায় করে আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অন্য যাত্রীরা পাটাতনের নিচে আশ্রয় নেন। তবে নৌকার মাঝি হওয়ায় বাবুল সরকার নৌকার ওপরেই অবস্থান করছিলেন। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত