leadT1ad

কারও চোখে ‘গণবিরোধী’ বাজেট, কেউ দিচ্ছেন সাধুবাদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ জুন ২০২৬, ২৩: ১০
স্ট্রিম গ্রাফিক

জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দল প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে। তবে অপ্রদর্শিত অর্থ বৈধ (কালো টাকা সাদা) করার সুযোগ না রাখায় সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এরপর এই বাজেট নিয়ে নানা মহলে চলছে বিশ্লেষণ। পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

কালো টাকা সাদা করার সুযোগ না রাখায় টিআইবির সতর্ক সাধুবাদ

প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায় সরকারকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ-বিবরণী প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংস্থাটি। বাজেট ঘোষণার প্রেক্ষিতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই প্রতিক্রিয়া জানান।

এরই সঙ্গে বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিতের জন্য কোনো সুনির্দিষ্ট রূপরেখা প্রস্তাবিত বাজেটে উল্লেখ না থাকায় হতাশা প্রকাশ করেছে টিআইবি। চূড়ান্ত বাজেটে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলে আশা করেছেন ড. ইফতেখারুজ্জামান।

চিন্তাশীল বাজেট, বাস্তবায়ন বড় বিষয় : দেবপ্রিয় ভট্টাচার্য

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অন্য যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তবে দেশের আর্থিক কাঠামো ‘অত্যন্ত দুর্বল’ হওয়ায় এই বাজেট বাস্তবায়ন বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাজেটে নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সূক্ষ্মভাবে, বিচক্ষণতার সঙ্গে তৈরি হয়েছে। কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে, সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না।’

বাজেট উচ্চাকাঙ্ক্ষী, লক্ষ্য অর্জনে প্রয়োজন সংস্কার ও সদিচ্ছা: সিপিডি
বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ বলে আখ্যায়িত করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি বলছে, বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং। এই লক্ষ্য পূরণে কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং সুশাসনের কোনো বিকল্প নেই।

আজ সন্ধ্যায় বাজেট-পরবর্তী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

মাত্র চার মাসের মধ্যে এমন একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নের জন্য অর্থমন্ত্রী ও তাঁর দলকে সিপিডির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। তবে এটি একটি প্রাথমিক প্রতিক্রিয়া উল্লেখ করে তিনি জানান, শুক্রবার সকালে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হবে।

এ প্রসঙ্গে ড. ফাহমিদা খাতুন বলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫ শতাংশের ঘরে থাকতে পারে। সেখান থেকে এক লাফে ৬ দশমিক ৫ শতাংশের লক্ষ্যমাত্রা নির্ধারণ বেশ উচ্চাকাঙ্ক্ষী। তবে অর্থনীতির আকার ও জনসংখ্যার বিবেচনায় এটি অর্জন অসম্ভব নয়।

তামাকপণ্যের সহজলভ্যতা বাড়বে : প্রজ্ঞা ও আত্মা

প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যের ওপর কার্যকর কর ও মূল্যবৃদ্ধি না করায়, তামাকের সহজলভ্যতা বাড়বে এবং সরকারের বাড়তি রাজস্ব আয়ের বড় সুযোগ হাতছাড়া হবে বলে আশঙ্কা জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। বাজেট পেশের পর এক যৌথ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠন দুটি আশঙ্কা জানায়। এমন পরিস্থিতিতে, জনস্বাস্থ্য রক্ষা ও রাজস্ব বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে চূড়ান্ত বাজেটে তামাকবিরোধী সংস্কার প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রজ্ঞা ও আত্মা।

পাউচ ও হিটেড টোব্যাকো বৈধকরা জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে: বাটা ও বিএটিটিপি

প্রস্তাবিত বাজেটে তামাকজাত দ্রব্যের দাম কাঙ্ক্ষিত আকারে বাড়ানো হয়নি বরং নতুন দুই ধরনের তামাক পণ্যকে করের আওতায় এনে বৈধতা দেওয়া হয়েছে। এভাবে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর (ই-সিগারেট, ভেপ ইত্যাদি) বৈধকরণ এবং তামাকজাত দ্রব্যের সামান্য দাম বাড়ানো জনস্বাস্থ্যকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও তামাক কর-বিষয়ক নলেজ হাব বাংলাদেশ নেওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসির (বিএনটিটিপি) সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বাজেট ব্যবসাবান্ধব, তবে কার্যকর বাস্তবায়নই হবে সাফল্যের চাবিকাঠি: ঢাকা চেম্বার

প্রস্তাবিত বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব হিসেবে আখ্যায়িত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং বাজেটে ঘোষিত সংস্কার কার্যক্রমের বাস্তবায়নের ওপরই এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বলে মনে করছে সংগঠনটি।

আজ রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট এবং ৩০ দশমিক ৩৪ শতাংশ বেশি রাজস্ব আহরণের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বেশ চ্যালেঞ্জিং। একই সঙ্গে ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রস্তাব করা হলেও চলতি অর্থবছরে বাস্তবায়ন হার মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ হওয়ায় বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার মতে, শুধু বড় বাজেট নয়, বরং কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাজেটকে গণবিরোধী আখ্যা দিল জামায়াত

প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বাজটের বিরুদ্ধে আজ সন্ধ্যায় রাজধানীতে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর জামায়াত।

সন্ধ্যায় বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। প্রস্তাবিত বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেও দাবি করেন তিনি।

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ফেলবে : এবি পার্টি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঘাটতি ও ঋণনির্ভর আখ্যা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এই বাজেট দেশের অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে বলে মন্তব্য করেছে দলটি। প্রস্তাবিত বাজেটে বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই; বরং এটি অর্থনীতির বিদ্যমান দুর্বলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। আজ রাতে এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসব কথা বলেন।

আশাবাদে ভারাক্রান্ত, বাস্তবায়নে অনিশ্চয়তা: ইসলামি আন্দোলন বাংলাদেশ

প্রস্তাবিত বাজেটকে আশাবাদে ভারাক্রান্ত বলে মন্তব্য করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই বাজেট বাস্তবায়ন করা কঠিন এবং অনিশ্চয়তার কথাও বলেছে তাঁরা। জনগণকে ‘অর্জনঅযোগ্য’ আশা না দিয়ে বাস্তবভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে সরকারকে পরামর্শ দিয়েছে দলটি। আজ সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইসলামী আন্দোলন এই মতামত জানায়।

বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এটাকে আরও বাড়ানোর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন।

Ad 300x250

সম্পর্কিত