শাহজালালের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং ১৬ জুন: বিমানমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৮
প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত
প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

চলতি বছর পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ১৬ জুন সফট ওপেনিংয়ের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমানমন্ত্রী তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি তদারকি করেন এবং উপস্থিত জাপানি কনসোর্টিয়াম ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘বিগত সরকারের আমলে তৃতীয় টার্মিনালের ভবন উদ্বোধন করা হলেও এটি চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়নি এবং কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনাও ছিল না।’

বিমানবন্দরে ব্যাগেজ হ্যান্ডলিং সেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নতুন টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ করা হবে। তাছাড়া নির্দিষ্ট সংখ্যক মানদণ্ডের (কেপিআই) মাধ্যমে সেবার মান মনিটরিং করা হবে। বর্তমানে প্রথম ব্যাগেজ ১৮ মিনিটে যাত্রীর কাছে হস্তান্তর করা হচ্ছে। এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া টার্মিনালের এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।’

টার্মিনালের রাজস্ব কীভাবে ভাগাভাগি হবে, সে প্রসঙ্গে মন্ত্রী জানান, পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী রাজস্বের ১৫ শতাংশ বাংলাদেশ এবং বাকি ৮৫ শতাংশ জাপানি কোম্পানির পাওয়ার কথা ছিল। তবে বর্তমান সরকার আলোচনার মাধ্যমে সেই অনুপাত পরিবর্তন করে বাংলাদেশের প্রাপ্য অংশ ২৭ শতাংশে উন্নীত করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত