ইরান হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ নিয়ে ইতিবাচক: রাষ্ট্রদূত
স্ট্রিম প্রতিবেদকঢাকা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তিনি।
সংবাদমাধ্যমে পাঠানো মামুনুল হকের প্রেস সচিব আশরাফুল ইসলাম সাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজ চলাচলে ইতিবাচক বার্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এতে বলা হয়, ইরানে আমেরিকা-ইসরায়েলের যৌথ আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। উভয়ে বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান মাওলানা মামুনুল হক। গুরুত্ব দিয়ে এই বিষয়ে তাঁর দেশে ইতিবাচক বার্তা পাঠানোর আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত জলিল রহিমি। একইসঙ্গে বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন দুজন।
খেলাফত মজলিসের আমির ইরানের ওপর আমেরিকা-ইসরায়েলের যৌথ আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ অভিহিত করেন। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, পররাষ্ট্র ও আন্তর্জাতিকবিষয়ক সচিব ফারিদ খান প্রমুখ।
-028855-256x144.webp)






