বিশ্বকাপের নক্ষত্র–৮

হাকিমিতে ভর করে মরক্কোর বিশ্বজয়ের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮: ৪৭
মরক্কোর রাইট উইং-ব্যাক আশরাফ হাকিমি। ছবি: সংগৃহীত

বর্তমানে ফুটবলের অন্যতম ‘অ্যাটাকিং রাইট-ব্যাক’ মরক্কোর আশরাফ হাকিমিকে ধরা হয়। কিন্তু তিনি উইঙ্গারের মতো আক্রমণাত্মক, নিখুঁত ক্রসিং এবং ওভারল্যাপ করে বক্সে বল পাঠাতেও দক্ষ।

ফ্রি-কিক থেকে সরাসরি নেওয়া হাকিমিরি নিখুঁত বাঁকানো শট যে কোনো গোলরক্ষককে বোকা বানাতে সক্ষম। ২৭ বছর বয়সী হাকিমি ক্লাব ও জাতীয় দলে ২ নম্বর জার্সি পরেন। বর্তমানে তিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর হয়ে মাঠ মাতাচ্ছেন।

তাঁকে নিয়ে পিএসজির সাবেক সতীর্থ লিওনেল মেসি বলেছিলেন, হাকিমির মাঠের বোঝাপড়াা অসাধারণ। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে তিনি প্রতিপক্ষকে চাপে রেখে, ফরওয়ার্ডদের সুবিধা করে দিতে পারেন।

ট্রফি ক্যাবিনেট ও অর্জন

অল্প বয়সেই ইউরোপের শীর্ষ চার লিগের তিনটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে হাকিমির। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এবং ২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি। ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’ এবং পিএসজির হয়ে টানা পাঁচবার লিগ ওয়ান শিরোপা জয়ের রেকর্ড তাঁর। এছাড়া মরক্কোকে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস কাপ জেতাতে ভূমিকা রাখেন তিনি।

ট্রফি হাতে আশরাফ হাকিমি। ছবি: সংগৃহীত
ট্রফি হাতে আশরাফ হাকিমি। ছবি: সংগৃহীত

২০২৫ সালে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন হাকিমি। মরক্কোর হয়ে তিনি দুবার সেরা ফুটবলার নির্বাচিত হয়।

দেশের হয়ে ৯৫ আন্তর্জাতিক ম্যাচে ১১ গোল হাকিমির। পিএসজির হয়ে ২০৬ ম্যাচে ২৮ গোল এবং ৪৪ অ্যাসিস্ট রয়েছে। রিয়ালের হয়ে ২ গোল, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১২ গোল এবং ইন্টার মিলানের হয়ে ৭ গোল রয়েছে ঝুলিতে।

বিশ্বকাপ স্বপ্নযাত্রা

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে মরক্কোর হয়ে বিশ্বকাপে অভিষেক ঘটে হাকিমির। তবে ক্যারিয়ারের সোনালি সময় পার করেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সেবার অবিস্মরণীয় ডিফেন্ডিং ও পেনাল্টি শটের ওপর ভর করে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো।

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ হাকিমির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। এই গ্লোবাল সুপারস্টারের কাঁধে থাকবে মরক্কোকে আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখানোর দায়িত্ব।

মাদ্রিদের অবহেলিত ছেলে প্যারিসের রাজপুত্র

হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদের মরক্কো অভিবাসী দরিদ্র পরিবারে। মায়ের ঘর মোছার কাজ এবং বাবার হকারি থেকে উপার্জনে রিয়াল মাদ্রিদের কাস্তিয়া একাডেমিতে বড় হন তিনি। রিয়ালের মূল দলে সুযোগ পেলেও বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

ডর্টমুন্ড ও ইন্টারে নিজেকে প্রমাণের পর ২০২১ সালে পাড়ি জমান পিএসজিতে। সেখানে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন হাকিমি। ২০২৫ সালের ব্যালন ডি’অরে ষষ্ঠ স্থান অর্জন করেন তিনি।

ফুটবল ট্রিভিয়া

উয়েফা চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ানের অফিশিয়াল স্পিড ট্র্যাকার অনুযায়ী মাঠের অন্যতম দ্রুতগতির ফুটবলার হাকিমি। তাঁর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৭.০৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

সম্পর্কিত