ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউন

অন্য নামে অভিষেকের ৫২ বছর পর বিশ্বকাপে ডিআর কঙ্গো

ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে ২০২৬ সালের আসরটি হতে যাচ্ছে এক অনন্য নজির। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের আয়োজক হিসেবে থাকছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর বাকি মাত্র ৩৬ দিন। বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে পড়ুন স্ট্রিমের নিয়মিত আয়োজন ‘বিশ্বকাপ কাউন্টডাউন’—

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ডিআর কঙ্গো ফুটবল দল

ফুটবল ইতিহাসে ডিআর কঙ্গো (আগের নাম জাইরে) বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম সাব-সাহারান আফ্রিকান দেশ। জাইরে নামে ১৯৭৪ সালে অভিষেক হওয়া দেশটি বিশ্বমঞ্চে ফিরছে দীর্ঘ ৫২ বছর পর। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিয়ে ৪৬তম পজিশনে অবস্থান করা দেশটি ‘দ্যা লেপার্ডস’ নামে পরিচিত।

দেশটির প্রধান কোচ সেবাস্তিয়ান ডেসাব্রে ২০২২ সালের আগস্ট মাসে দলটির দায়িত্ব নিয়েছেন। তার আগে তিনি উগান্ডার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।

আফ্রিকার বাছাই-পর্বে গ্রুপ ‘বি’-তে থাকা সেনেগালের পেছনে দ্বিতীয় হয়ে তারা প্লে-অফে পা রাখে। বাছাইপর্বের ১০ ম্যাচে সাত জয়ের বিপরীতে একটিতে ড্র এবং দুটি ম্যাচে পরাজয় বরণ করেন। বিশ্বকাপে আফ্রিকার প্লে-অফে কঙ্গো ক্যামেরুনকে ১-০ গোলে ও নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফিফা প্লে-অফের পাথ-এ এর ফাইনালের জন্য কোয়ালিফাই করে।

মেক্সিকোর গুয়াদালাজারায় অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকার মুখোমুখি হয় কঙ্গো। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ১০০তম মিনিটে ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে-র ট্যাপইন টাচে ১-০ গোলের জয় পায় তারা। এই এক গোলই তাদের ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটায়।

ডিআর কঙ্গো এবার পড়েছে টুর্নামেন্টের অন্যতম গ্ল্যামারাস গ্রুপ ‘কে’-তে। এই গ্রুপে আগামী ১৭ জুন পর্তুগাল, ২৪ জুন কলম্বিয়া এবং ২৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দ্যা লেপার্ডরা।

প্লেয়ার টু ওয়াচ

বিশ্বকাপে বিশেষ নজর থাকবে ডিআর কঙ্গোর খেলোয়াড় সেড্রিক বাকাম্বুর ওপর। যিনি বিশ্বকাপ বাছাইপর্বে ডিআর কঙ্গোর হয়ে সর্বোচ্চ চারটি গোল করেছেন। লা লিগার ক্লাব রিয়াল বেটিসের হয়ে খেলা এই স্ট্রাইকার লা-লিগায় ১৭ ম্যাচে তিন গোল ও এক অ্যাসিস্ট করেছেন। তিনি তার জাতীয় দলের হয়ে ৬৭ ম্যাচে ২১ গোল প্রতিপক্ষের জালে জড়িয়েছেন। যদিও তিনি বয়স ভিত্তিক পর্যায়ে ফ্রান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসেলের হয়ে খেলা ইয়ান উইসা ডিআর কঙ্গোর হয়ে ৩৬ ম্যাচে আট গোল করেছেন। এবারের চ্যাম্পিয়নসলীগে ও এই খেলোয়াড়ের চার ম্যাচে একটি গোল ও এসিস্ট রয়েছে।

গ্রুপ ‘কে’-তে পর্তুগাল এবং কলম্বিয়া কাগজে-কলমে ফেবারিট হলেও ডিআর কঙ্গো এবার ‘ডার্ক হর্স’ হিসেবেই মাঠে নামবে। ১৭ জুন পর্তুগালের বিপক্ষে তারা যদি নিজেদের রক্ষণ সামলাতে পারে, তবে ২৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে পারে তাদের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার গেটওয়ে।

সম্পর্কিত