ad

স্কালোনির খোলা চিঠি, মেসিদের ফাইনাল হার থেকে আরও যা এল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০: ৪৬
বিশ্বকাপের ফাইনালে হারের পর বিমর্ষ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ছবি : রয়টার্স

বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।

ইনস্টাগ্রামের ওই চিঠিতে স্কালোনি লিখেছেন, ‘আরেকটি বিশ্বকাপ ট্রফি আপনাদের হাতে তুলে দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত।’ ফাইনাল হারের পর গত কয়েক দিনের মানসিক অবস্থার কথাও তুলে ধরেছেন স্কালোনি। তাঁর ভাষায়, ‘এই কয়েক দিনে দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি— সবকিছু যেন একাকার হয়ে গেছে।’

চিঠিতে নিজের খেলোয়াড়দের ‘আমার সহযোদ্ধা’ বলে সম্বোধন করেছেন স্কালোনি। তিনি লেখেন, ‘অনেক প্রতিকূলতার মধ্যেও এই দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে। তাঁদের নিষ্ঠা, আত্মত্যাগ আর রক্ত-ঘাম আমাকে একজন কোচ হিসেবে গর্বিত করেছে।’

বিশ্বকাপজুড়ে নানা সময়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল স্কালোনিকে। সে প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আমাদের চেনে না এমন অনেক মানুষের কাছ থেকে ঠান্ডা পানির ঝাঁপটা সহ্য করতে হয়েছে। কিন্তু সেই প্রতিকূলতা কাটিয়ে ওঠাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’

সমর্থকদের পাশাপাশি কোচিং স্টাফ, ফুটবলার ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান স্কালোনি। চিঠির শেষদিকে স্কালোনি লেখেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে সত্যিই একটি অমূল্য রত্ন আছে।’

বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারলেও স্কালোনির ওপর আস্থা হারায়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে চায় এএফএ। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু খোলাসা করেননি আর্জেন্টিনাকে তিনটি বড় শিরোপা এনে দেওয়া এই কোচ।

Ad 300x250

সম্পর্কিত