শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম পরিবর্তনের খবর ভিত্তিহীন: বিসিবি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২১: ২০
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ বাতিল বা অপসারণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা জানায়, কোনো গ্যালারির নাম পরিবর্তন বা অপসারণ করা হয়নি।

এর আগে বুধবার রাতে ফেসবুকে মিরপুর স্টেডিয়ামের গ্যালারির একটি ছবি পোস্ট করেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের স্মরণে স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয়েছিল।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিসিবির নতুন বোর্ড ও বর্তমান সভাপতি সেই গ্যালারি বা নামফলকটি অপসারণ করেছেন।

এই অভিযোগ নাকচ করে বিসিবি জানায়, ২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্যতম শহীদ আবু সাঈদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামের গ্যালারির একটি অংশের নামকরণ করা হয়েছিল। বর্তমান বোর্ড মিরপুরসহ দেশের কোনো আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি।

বিসিবির দাবি, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর মিরপুরে আয়োজিত তিনটি আন্তর্জাতিক সিরিজের প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামের অবকাঠামো, প্রবেশপথ, ম্যাচের টিকিট এবং টেলিভিশন সম্প্রচারে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে।

সাইনবোর্ড দৃশ্যমান না থাকার বিষয়ে বিসিবি জানিয়েছে, যখন খেলা থাকে না, তখন সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সাময়িকভাবে কোনো সাইনেজ সরিয়ে নেওয়া হতে পারে। তবে এই স্বাভাবিক মেরামতকাজকে নাম বাদ দেওয়া হিসেবে প্রচার করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে সংস্থাটি।

বিসিবি সতর্ক করেছে, ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বোর্ডের নিজস্ব নীতিমালা অনুযায়ী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত