স্মৃতি রুমানা

সমকালীন শিক্ষার হালচাল দেখে মনে হয়, তা এক গভীর বৈপরীত্যের মধ্যে দাঁড়িয়ে আছে। জ্ঞানের দরজা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি খোলা; অথচ মানুষের মনের দরজা যেন ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। তথ্যের প্রবাহ অবারিত হচ্ছে বটে, প্রজ্ঞার গভীরতা ততটা বাড়ছে না। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল কনটেন্ট, শিক্ষার অবকাঠামো বিস্ময়করভাবে প্রসারিত হয়েছে, অথচ শিক্ষার প্রাণ কোথাও যেন ক্লান্ত, অনিরাপদ, প্রায় নিঃশ্বাসহীন। ডিগ্রি বাড়ছে, সনদ বাড়ছে, দক্ষতার বাজার বাড়ছে; কেবল মানুষ গড়ার স্বাধীন, সৃজনশীল ও মানবিক আয়োজন বারবার অনুপস্থিত থেকে যাচ্ছে।
এই সংকটের মুখে রবীন্দ্রনাথকে নতুন করে পড়া হয়তো ঐতিহাসিক শ্রদ্ধা বলা যায়, কিন্তু সমকালীন শিক্ষাব্যবস্থাকে নতুন করে বিচার করার জন্য এটি জরুরি। কারণ রবীন্দ্রনাথ শিক্ষা নিয়ে ভেবেছেন কেবল পাঠ্যক্রম, পদ্ধতি বা প্রতিষ্ঠানের সীমায় নয়; তিনি ভেবেছেন মানুষের পূর্ণ বিকাশ, আত্মমর্যাদা, স্বাধীন বোধ, সৃজনশীলতা ও বিশ্বমানবতার প্রশ্নে। তাঁর কাছে শিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল নয়, চাকরির সিঁড়ি নয়, ভাষাগত প্রভুত্বের অনুশীলন নয় অথবা মাথায় তথ্য জমা করার যান্ত্রিক প্রক্রিয়াও নয়। শিক্ষা হলো মানুষের অন্তর্গত শক্তিকে জাগিয়ে তোলার পথ; তার জিজ্ঞাসাকে মুক্ত করার, অনুভবকে প্রসারিত করার এবং তাকে প্রকৃতি, সমাজ, শিল্প, ভাষা ও বিশ্বের সঙ্গে জীবন্ত সম্পর্কে যুক্ত করার সাধনা।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘শিক্ষা’ প্রবন্ধে বলেছিলেন, ‘সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে।’—সত্যিকারের শিক্ষা মানুষকে চাপে ফেলে না বা তাকে ভয় দেখায় না; বরং তাকে স্বাধীনভাবে চিন্তা করতে, বুঝতে এবং নিজের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর সুশিক্ষা মানুষের মনের দরজা খুলে দেয়, অজ্ঞতা, কুসংস্কার ও সংকীর্ণতা থেকে তাকে মুক্ত করে।
ফলে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শে ‘মুক্তি’ কোনো অলংকারধর্মী শব্দ নয়। এটিই তাঁর শিক্ষা-ভাবনার কেন্দ্রীয় সত্য। শিক্ষা মুক্ত না হলে মানুষ মুক্ত হয় না। যে শিক্ষা নিজেই মুখস্থবিদ্যার কারাগারে বন্দি, পরীক্ষার আতঙ্কে, বিদেশি ভাষার অস্বাভাবিক আধিপত্যে, চার দেয়ালের নিষ্প্রাণতায়, বাজারের চাহিদায় এবং অনুকরণের মানসিক দাসত্বে শৃঙ্খলিত, সে শিক্ষা কিছু দক্ষ কর্মী তৈরি করতে পারে হয়তো, স্বাধীন মানুষ তৈরি করতে পারে না। আর স্বাধীন মানুষ ছাড়া কোনো সভ্যতাই সত্যিকার অর্থে মানবিক, সৃজনশীল ও নৈতিক হয়ে উঠতে পারে না। রবীন্দ্রনাথেরঅচলায়তনের গৃহে পঞ্চক যে গান নিয়ে প্রবেশ করেছিল আজকের দিনে তা খু্বই প্রাসঙ্গিক—
তুমি ডাক দিয়েছ কোন্ সকালে
কেউ তা জানে না,
আমার মন যে কাঁদে আপন-মনে,
কেউ তা মানে না।
আমাদের শিক্ষাব্যবস্থায় মহাপঞ্চকের প্রতিষ্ঠা হলেও পঞ্চক বোধ হয় হারিয়ে গেছে। ভুল যত বেশি হচ্ছে, ততই যেন সেটি পাকা হয়ে যাচ্ছে। প্রতিবন্ধকতার অচলায়তন আমাদের মননে জেঁকে বসেছে প্রবলভাবে।
শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন শিশুমন কোনো খালি পাত্র নয়, যেখানে তথ্য ঢেলে দিতে হবে; শিশুমন এক জীবন্ত অঙ্কুর, যার নিজস্ব বিকাশের ছন্দ আছে। তাকে চাইলেই টেনে বড় করা যায় না; কিন্তু আলো, মাটি, জল, বাতাস দিলে সে নিজের স্বভাবে বেড়ে ওঠে। শিক্ষার কাজ তাই শাসন নয়, জাগরণ; মুখস্থের পরিবর্তে উপলব্ধি এবং প্রতিযোগিতার বদলে বিকাশ সাধন করা। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের এই জায়গাটি আজও আশ্চর্যভাবে আধুনিক। আধুনিক শিক্ষাবিজ্ঞান যাকে শিশুকেন্দ্রিক শিক্ষা, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, সৃজনশীল শিক্ষা বলে, রবীন্দ্রনাথ তার প্রাণগত সত্য অনেক আগেই অনুভব করেছিলেন।
এই ভাবনার কেন্দ্রে আছে ‘পূর্ণ মানুষ’ ধারণা। পূর্ণ মানুষ মানে শুধু বিদ্বান বা দক্ষ মানুষ নয় আবার পেশাগতভাবে সফল মানুষও নয়। পূর্ণ মানুষ সেই, যার বুদ্ধি জাগ্রত, হৃদয় প্রসারিত, ভাবনা সৃজনশীল, নৈতিক বোধ তীক্ষ্ণ, প্রকৃতির সঙ্গে সম্পর্ক জীবন্ত আর সমাজের প্রতি সক্রিয় দায়বোধ আছে। রবীন্দ্রনাথ মানুষকে খণ্ডে খণ্ডে দেখেননি; দেখেছেন সমগ্রতার মধ্যে। তাই তাঁর শিক্ষায় জ্ঞান আছে, আবার জ্ঞানের সঙ্গে জীবনও আছে; দক্ষতার সঙ্গে সৌন্দর্যবোধ আর স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও আছে।
এখানেই তিনি পরীক্ষাকেন্দ্রিক শিক্ষার বিপরীতে দাঁড়ান। পরীক্ষা শিক্ষার একটি সীমিত উপায় হতে পারে; কিন্তু শিক্ষার চূড়ান্ত সত্য নয়। পরীক্ষায় স্মরণশক্তির প্রমাণ মেলে, প্রস্তুতি কৌশল আর অনুশীলনের দক্ষতা ধরা পড়ে; কিন্তু মানুষের বিস্ময়, সাহস, সংবেদনশীলতা, স্বাধীন বিচারশক্তি ও নৈতিক মূল্যবোধ—এসব কি পরীক্ষার খাতায় ধরা যায়? যে শিক্ষা কেবল পরীক্ষার জন্য শিক্ষার্থীকে প্রস্তুত করে, তা মানুষের এক ক্ষুদ্র অংশকে প্রশিক্ষণ দেয় মাত্র্র, বিপরীতে বৃহত্তর সত্তাকে অনাহারে রাখে। রবীন্দ্রনাথ এই অনাহারের বিরুদ্ধে শিক্ষাকে পূর্ণতার দিকে ফিরিয়ে নিতে চান।
প্রবোধচন্দ্র সেন তাঁর রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা বইতে ‘শিক্ষার লক্ষ্য’, ‘শিক্ষামাধ্যম’, ‘শিক্ষার মুক্তি’, ‘ভাষার মুক্তি’, ‘বাংলা-বিশ্ববিদ্যালয়’ ও ‘বিশ্বভারতী-প্রসঙ্গ’—আলোচনা করে দেখিয়েছিলেন রবীন্দ্রনাথের কাছে শিক্ষা কোনো বিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রম নয়; বরং ভাষা, সাহিত্য, সংস্কৃতি, চিন্তা, প্রকৃতি, সমাজ ও মানবমুক্তির সঙ্গে যুক্ত এক সমগ্র জীবনদর্শন।
রবীন্দ্রনাথ তাঁর শিক্ষা-ভাবনা নির্মাণ করেছিলেন ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ভেতর দাঁড়িয়ে। সেই শিক্ষাব্যবস্থা আধুনিক জ্ঞানের কিছু দরজা খুলেছিল ঠিকই, কিন্তু একইসঙ্গে তৈরি করেছিল মানসিক নির্বাসনের এক জটিল কাঠামো। শিক্ষার্থী নিজের ভাষা থেকে দূরে সরে গিয়ে নিজের সমাজকে নিচু চোখে দেখতে শেখে, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়, মুখস্থবিদ্যায় অভ্যস্ত হয় এবং জ্ঞানের সঙ্গে জীবনের স্বাভাবিক সম্পর্ক হারায়। রবীন্দ্রনাথ পাশ্চাত্য জ্ঞানকে প্রত্যাখ্যান করেননি, কিন্তু প্রত্যাখ্যান করেছেন অন্ধ অনুকরণকে। ইংরেজি শিক্ষার প্রয়োজনকে স্বীকার করেছেন তবে প্রতিবাদ করেছেন ইংরেজির আধিপত্যে মাতৃভাষার অপমানকে। আধুনিকতাকে সাদরে গ্রহণ করলেও ভয় পেয়েছেন সেই আত্মবিস্মৃত আধুনিকতাকে, যা মানুষকে নিজের মাটি, ভাষা, সমাজ ও সৃষ্টিশক্তি থেকে বিচ্ছিন্ন করে।
রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তায় মাতৃভাষার প্রশ্নটি তাই পার্শ্বপ্রসঙ্গ নয়। মানুষ পৃথিবীকে কেবল চোখে দেখে না; ভাষার ভিতর দিয়ে বোঝে। ভাষার ভিতর দিয়ে নিজের অনুভব, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত হয়। তাই শিক্ষার ভাষা যদি শিক্ষার্থীর জীবনের ভাষা থেকে বিচ্ছিন্ন হয়, তবে শিক্ষা শুরুতেই অনাত্মীয় হয়ে ওঠে। এইখানে রবীন্দ্রনাথের অবস্থান অত্যন্ত সূক্ষ্ম। তিনি মাতৃভাষার পক্ষে দাঁড়িয়েছেন, কিন্তু ভাষিক সংকীর্ণতার পক্ষে নয়। তাঁর কাছে মাতৃভাষা আত্মবন্দিত্ব নয়; আত্মপ্রতিষ্ঠা। তিনি বিশ্বাস করতেন মাতৃভাষা বিশ্বের দরজা কখনোই বন্ধ করে না; বরং বিশ্বের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপের ভিত্তি তৈরি করে। এই ভাবনা আজকের বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থায় তীব্রভাবে প্রাসঙ্গিক। মাতৃভাষা আমাদের সংস্কৃতি, সাহিত্য, অনুভব ও সামাজিক জীবনের প্রধান বাহন; কিন্তু উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি, কর্মবাজার ও সামাজিক মর্যাদার বড় অংশ ইংরেজির সঙ্গে যুক্ত। ফলে শিক্ষার্থীর মনে জন্ম নেয় দ্বৈত চাপ—নিজের ভাষায় ভাবলে সে যেন কম আধুনিক, ইংরেজিতে দুর্বল হলে সে যেন কম যোগ্য। এই চাপ কেবল ভাষাগত নয়, মানসিক ও সামাজিকও বটে। রবীন্দ্রনাথ এই বিভাজনের বিরুদ্ধে এক সমন্বিত পথ দেখিয়েছেন। তাঁর কাছে প্রশ্নটি ‘বাংলা না ইংরেজি’ নয়; প্রশ্নটি হলো, কোন ভাষায় শিক্ষার্থী সত্যিকারভাবে বুঝবে, ভাববে, সৃষ্টি করবে, এবং তারপর বিশ্বভাষার সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে মাতৃভাষা চিন্তার ভিত্তিপ্রস্তর এবং বিদেশি ভাষা প্রসারের সেতু।
বাংলা ভাষায় উচ্চশিক্ষার প্রশ্নেও এই চিন্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। যদি বাংলা ভাষায় বিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান, নৃতত্ত্ব, পরিবেশবিদ্যা—এসব বিষয়ে শক্তিশালী জ্ঞানভান্ডার তৈরি না হয়, তবে বাংলা ভাষা কেবল আবেগ, সাহিত্য ও দৈনন্দিন যোগাযোগের ভাষা হয়ে থাকবে; জ্ঞান-উৎপাদনের ভাষা হয়ে উঠতে পারবে না। তখন শিক্ষিত সমাজের বড় অংশ নিজের ভাষায় গভীর চিন্তা করতে অক্ষম হবে, আর সাধারণ মানুষ উচ্চজ্ঞান থেকে দূরে থাকবে। এটি শুধু ভাষার ক্ষতি নয়; জ্ঞানের গণতন্ত্রের ক্ষতি। তবে মাতৃভাষায় উচ্চশিক্ষা মানে দুর্বল অনুবাদ আর পরিণত পরিভাষা নয়। এর জন্য দরকার প্রস্তুতি, মানসম্মত পাঠ্যপুস্তক, নির্ভুল ও প্রাঞ্জল পরিভাষা, মৌলিক গবেষণা, শক্তিশালী অনুবাদ, শিক্ষক-প্রশিক্ষণ এবং ভাষার সৃজনশীল আধুনিকীকরণ। তাই ভাষাকে জ্ঞানের বাহন করতে হলে শ্রম দিয়ে তাকে তৈরি করতে হয়।
১৯২৬ সালের সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর জার্মানিতে বসে একটি গান লিখছিলেন, ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,/ আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে॥’ এই গানের মধ্যে যে অবাধ প্রকৃতির সন্ধান আমরা পাই, রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তারও উজ্জ্বল স্তম্ভ এই উন্মুক্ত প্রকৃতি। এই ভাবার্থকে সামনে রেখে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বর্তমান চিত্র পর্যালোচনা করলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে তা হলো, আমাদের শিক্ষা কি সত্যিই শিক্ষার্থীদের মুক্তি দিচ্ছে, নাকি তাদের সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখছে? মাতৃভাষা যেমন শিক্ষার্থীর চিন্তার প্রথম আশ্রয়, প্রকৃতি তেমনি তার অনুভবের প্রথম বিদ্যালয়। শিশুর প্রথম শিক্ষা বইয়ের পাতা থেকে শুরু হয় না; শুরু হয় আলো, রং, শব্দ, গন্ধ, স্পর্শ, ঋতু, আকাশ, মাটি, জল, গাছ, পাখি, মানুষের মুখ, দিনের পরিবর্তন, উৎসবের ছন্দ ও কাজের অভিজ্ঞতা থেকে। পৃথিবী নিজেই শিশুর প্রথম পাঠ্যপুস্তক। সেই পৃথিবীকে বাদ দিয়ে কেবল অক্ষর, সিলেবাস ও পরীক্ষার মধ্যে তাকে বন্দি করলে শিক্ষা তার স্বাভাবিকতা হারায়। জ্ঞান তখন জীবন থেকে জন্ম নেয় না, বইয়ের ভেতর জমে থাকা তথ্য হয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতাকাহিনি আমাদের শেখায় যে, শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র তথ্য বা জ্ঞানের বহুলতা নয়। যখন একজন শিক্ষার্থী প্রকৃতির মাঝে, সমাজের সঙ্গে যুক্ত থেকে শেখার সুযোগ পাবে, তখনই সে সত্যিকার অর্থে ‘আলোয় আলোয়’ মুক্তি অনুভব করবে।
শান্তিনিকেতনের শিক্ষাব্যবস্থায় গাছতলায় পাঠ, ঋতুচক্রের সঙ্গে শিক্ষার সম্পর্ক, উৎসব, সংগীত, নৃত্য, শিল্প, আলো-বাতাসের সঙ্গে শিশুমনের অবাধ যোগাযোগ কোনো বাহুল্য ছিল না। এগুলোই ছিল তাঁর শিক্ষাদর্শের প্রাণ। শিক্ষাকে তিনি প্রকৃতির কাছে নিয়ে গিয়েছিলেন শুধু পদ্ধতি বদলানোর জন্য নয়, শিক্ষার আত্মাকে মুক্ত করার জন্য। বিদ্যালয় যদি শিশুর কাছে কারাগার হয়ে ওঠে, তবে সে জ্ঞানকে ভালোবাসতে শেখে না; শেখে ভয় করতে। শ্রেণিকক্ষ যদি কেবল শাসন, নীরবতা, মুখস্থ ও মূল্যায়নের জায়গা হয়, তবে সেখানে কৌতূহল বাঁচে না। রবীন্দ্রনাথ তাঁর ‘শিক্ষা’ প্রবন্ধে লিখেছেন, ‘শিখিবার কালে, বাড়িয়া উঠিবার সময়ে, প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য—ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়।’
আজকের পৃথিবীতে এই দৃষ্টি আরও জরুরি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, নগরজীবনের সংকীর্ণতা, শিশু-কিশোরের মানসিক চাপ, স্ক্রিন-নির্ভরতা, মনোযোগের ভাঙন আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা শিশুদের পরিবেশবিজ্ঞান পড়াই, কিন্তু প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করি না। জলবায়ু সংকটের তথ্যও দিই অথচ পৃথিবীর প্রতি মমতা শেখাই না। গাছের গুরুত্ব শেখাই, কিন্তু গাছের ছায়ায় বসার অভিজ্ঞতা দিই না। ফলে জ্ঞান থাকলেও সম্পর্ক জন্মায় না। রবীন্দ্রনাথ এই সম্পর্কের শিক্ষাই চেয়েছিলেন। তাঁর কাছে প্রকৃতি শুধু ‘সম্পদ’ নয়; আত্মীয়তার ক্ষেত্র। পৃথিবীকে যদি শুধু সম্পদ হিসেবে শেখানো হয়, তবে মানুষ তাকে ব্যবহারের বস্তু হিসেবে দেখবে অপরদিকে পৃথিবীকে যদি আত্মীয় হিসেবে জানানো যায়, তবে তার প্রতি দায় জন্মাবে।
এই শিক্ষার সঙ্গে আনন্দের সম্পর্ক অবিচ্ছেদ্য। রবীন্দ্রনাথ জানতেন, আনন্দ ছাড়া শিক্ষা প্রাণহীন। আনন্দ মানে হালকা বিনোদন নয়; আনন্দ মানে মনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যে শিক্ষায় আনন্দ নেই, সেখানে শিক্ষার্থী শরীরে উপস্থিত থাকে, কিন্তু মনে থাকে অনুপস্থিত। সে মুখস্থ করে, কিন্তু উপলব্ধি করে না, আবার পাস করে যায় ঠিকই, কিন্তু জ্ঞানের সঙ্গে ভাব জন্মায় না। এই কারণেই তাঁর শিক্ষাব্যবস্থায় গান, কবিতা, নাটক, নৃত্য, চিত্রকলা, উৎসব ও খেলাধুলা কোনো বিষয়ই শিক্ষার বাইরে নয়। এগুলো সহশিক্ষা নয়; শিক্ষারই অন্তরঙ্গ অঙ্গ। কারণ মানুষ কেবল যুক্তির প্রাণী নয়; সে রস, ছন্দ, কল্পনা, অনুভব, সম্পর্ক ও সৃজনের প্রাণী। যে শিক্ষা শিশুকে গান থেকে, প্রকৃতি থেকে, খেলা থেকে, শিল্প থেকে বিচ্ছিন্ন করে, সে শিক্ষা শেষ পর্যন্ত চিন্তাকেও সংকীর্ণ করে ফেলে।
রবীন্দ্রনাথ তাঁর প্রবন্ধসমূহের ‘বিশ্বভারতী-১১’ শীর্ষক অংশে লিখেছেন, ‘বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে তাদের উভয়ের মাঝখানে যে সেতু সেই সেতুটি হচ্ছে ভক্তিস্নেহের সম্বন্ধ। সেই আত্মীয়তার সম্বন্ধ না থেকে যদি কেবল শুষ্ক কর্তব্য বা ব্যবসায়ের সম্বন্ধই থাকে তা হলে যারা পায় তারা হতভাগ্য, যারা দেয় তারাও হতভাগ্য।’ রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তায় শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক শিক্ষাপদ্ধতির একটি উপাদানমাত্র নয়; এটি শিক্ষার আত্মা। শিক্ষা শেষ পর্যন্ত মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্য দিয়েই জাগে। বই জ্ঞান দিতে পারে, প্রতিষ্ঠান কাঠামো দিতে পারে; কিন্তু শিক্ষার প্রাণ জন্ম নেয় সেই মুহূর্তে, যখন একজন জাগ্রত মানুষ আরেকজন জাগ্রত হতে-থাকা মানুষের পাশে দাঁড়ায়। শিক্ষক তাই রবীন্দ্রনাথের কাছে কেবল পাঠদাতা নন; তিনি সহযাত্রী, উদ্দীপক, পরিবেশ-নির্মাতা এবং জাগরণের সহচর।
প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিক্ষককে প্রায়ই জ্ঞানের মালিক এবং শিক্ষার্থীকে জ্ঞানের গ্রহীতা হিসেবে দেখা হয়। এই ধারণায় শ্রেণিকক্ষ একমুখী। অর্থাৎ শিক্ষক বলেন, শিক্ষার্থী শোনে; শিক্ষক জানেন, শিক্ষার্থী জানে না; শিক্ষক বিচার করেন, শিক্ষার্থী মূল্যায়িত হয়। ফলে শিক্ষার ভিতরে অদৃশ্য ক্ষমতার কাঠামো তৈরি হয়। সেখানে প্রশ্নের জায়গা কমে, ভয়ের জায়গা বাড়ে; কৌতূহল সংকুচিত হয়, আনুগত্য প্রধান হয়ে ওঠে। রবীন্দ্রনাথ এই একমুখী শিক্ষাকে ভাঙতে চেয়েছেন। শিক্ষকের কাজ শিক্ষার্থীকে ভরাট করা নয়; তার ভেতরের আলো জ্বালিয়ে দেওয়া।
এ কারণেই মুক্ত শিক্ষার জন্য মুক্ত শিক্ষক প্রয়োজন, যিনি নিজেও অনুকরণ, ভয়, যান্ত্রিকতা ও সংকীর্ণতার বাইরে দাঁড়াতে পারেন। একজন শিক্ষকের মধ্যে যদি জিজ্ঞাসা না থাকে, সৌন্দর্যবোধ আর মানবিকতা না থাকে, বিশ্বজ্ঞান গ্রহণের উদারতা না থাকে, তবে তিনি হয়তো পাঠ্যসূচি শেষ করতে পারেন, শিক্ষার্থীর ভিতরে জাগরণ ঘটাতে পারেন না। শিক্ষক শুধু যা বলেন তা দিয়ে শিক্ষা দেন না; তিনি যা, তা দিয়েও শিক্ষা দেন। তাঁর আচরণ, সত্যনিষ্ঠা, নম্রতা, সহৃদয়তা ও জীবনবোধ মিলেই শিক্ষার্থীর সামনে শিক্ষার জীবন্ত রূপ হয়ে ওঠে।
আধুনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষককে প্রায়ই ফলাফল-উৎপাদনের কর্মী হিসেবে দেখা হয়। র্যাঙ্কিং, সিলেবাস সমাপ্তি, পরীক্ষা প্রস্তুতি, রিপোর্ট, সংখ্যাগত মূল্যায়ন এসবের চাপে শিক্ষকতার মানবিক পরিসর সংকুচিত হচ্ছে। কোচিং-সংস্কৃতি এই সংকটকে যেন আরও তীব্র করে তুলেছে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক প্রায়ই সেবাদাতা ও গ্রাহকের সম্পর্কে নেমে এসেছে; জ্ঞান হয়ে উঠেছে পণ্য, পাঠ প্যাকেজে পরিণত হয়েছে আর সাফল্য যেন বাজারজাত প্রতিশ্রুতি। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ এই বাজারি-সম্পর্কের বিরুদ্ধে গভীর মানবিক প্রতিবাদ। শিক্ষার্থী গ্রাহক নয়; মানুষ। ‘পথের সঞ্চয়’ নামের একটি প্রবন্ধে তিনি লিখেছেন, ‘ঘুরিয়া ফিরিয়া যেমন করিয়াই চলি না কেন শেষকালে এই অলঙ্ঘ্য সত্যে আসিয়া ঠেকিতেই হয় যে, শিক্ষকের দ্বারাই শিক্ষাবিধান হয়, প্রণালীর দ্বারা হয় না।’
একদিকে শিক্ষকের মর্যাদা রক্ষা করা যেমন জরুরি, তেমনি শিক্ষার্থীর মর্যাদা ও নিরাপত্তাও অবিচ্ছেদ্য অধিকার। একজন ভালো শিক্ষক শাসন করবেন, কিন্তু অপমান করবেন না। তাঁর শিক্ষার্থীদের প্রয়োজনমতো সংশোধন করবেন, কখনো মন ভেঙে দেবেন না। সময়ে কঠোর হলেও অমানবিক হবেন না। একইভাবে শিক্ষার্থীরও দায়িত্ব আছে শিক্ষককে সম্মান করা, শ্রেণিকক্ষের শৃঙ্খলা মানা এবং মতপ্রকাশের স্বাধীনতাকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা। শিক্ষার্থীদের বুঝতে হবে—স্বাধীনতা মানে শৃঙ্খলাহীনতা নয়। শিক্ষককে অপমান করা, সামাজিক মাধ্যমে অসম্মানজনক প্রচারণা চালানো, শ্রেণিকক্ষের পরিবেশ নষ্ট করা বা শিক্ষার পরিবর্তে সংঘাতকে বড় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে সমাজ শিক্ষককে অসম্মান করে, সে সমাজ জ্ঞানকে দুর্বল করে; আবার যে সমাজ শিক্ষার্থীর কণ্ঠ রোধ করে, সে সমাজ ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলে। সম্মান যদি একমুখী হয় তাহলে তা ভয় তৈরি করে; দুইমুখী হলে তা শিক্ষা তৈরি করে।
যে সমাজ নিজের ভাষায় উচ্চজ্ঞান সৃষ্টি করতে পারে না, সে সমাজ শিক্ষিত হতে পারে, কিন্তু জ্ঞানের অধিকারী হতে পারে না, রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা এ বিষয়েও স্পষ্ট। তিনি মনে করতেন জ্ঞানের স্বদেশায়ন মানে বিশ্বজ্ঞানকে অস্বীকার করা নয়। বরং তাকে নিজের মাটি, ভাষা, প্রয়োজন ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে নেওয়া। বিদেশি তত্ত্ব গ্রহণ দরকার, কিন্তু নিজের বাস্তবতা ব্যাখ্যার ক্ষমতা না থাকলে সেই তত্ত্ব প্রায়ই কৃত্রিম হয়ে ওঠে। ইউরোপীয় ইতিহাস দিয়ে বাংলা সমাজের সমস্ত স্তর বোঝা যায় না; ইংরেজি পরিভাষা দিয়ে স্থানীয় অভিজ্ঞতার সব সূক্ষ্মতা ধরা যায় না; দূরদেশের পাঠ্যক্রম দিয়ে নিজের সমাজের প্রশ্নের পূর্ণ উত্তর মেলে না। রবীন্দ্রনাথ তাই এমন উচ্চশিক্ষা চেয়েছিলেন, যা বিশ্ব থেকে গ্রহণ করবে, কিন্তু নিজের মাটিতে দাঁড়িয়ে নতুন করে ভাববে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, কৃষি, শ্রমজীবী মানুষের জীবন, নগরদারিদ্র্য, জনস্বাস্থ্য, নারীজীবন, ভাষাগত বৈষম্য, প্রযুক্তিগত বিভাজন, স্থানীয় ইতিহাস, লোকশিল্প, গ্রামীণ অর্থনীতিও বিশ্ববিদ্যালয়ের জিজ্ঞাসার বিষয় হওয়া উচিত। নিজের সমাজকে পাঠ্যবস্তুর বাইরে রেখে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করা যায় না। বিশ্বমান তখনই অর্থপূর্ণ, যখন তা নিজের মাটির প্রশ্নকে বিশ্বমানের গবেষণায় রূপ দিতে পারে। প্রথমত আত্মপ্রতিষ্ঠা, পরে আত্মপ্রসারণ।
রবীন্দ্রনাথের কাছে বিশ্বমানবতা কোনো বিমূর্ত আদর্শ নয়; এটি শিক্ষারই স্বাভাবিক পরিণতি। মানুষ যখন নিজের ভাষায় গভীরভাবে ভাবতে শেখে, নিজের সমাজকে বুঝতে শেখে, প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, অন্যের দুঃখ বুঝতে পারে, অন্য সংস্কৃতির সৌন্দর্যকে গ্রহণ করতে শেখে—তখনই তার মধ্যে বিশ্বমানবতার বীজ জন্মায়। বিশ্বমানবতা নিজের পরিচয় মুছে ফেলার নাম নয়; নিজের পরিচয়কে এমনভাবে প্রসারিত করা, যাতে অন্যের পরিচয়কেও সম্মান করা যায়।
আজকের বিশ্বায়নের যুগে এই ভাবনা আরও জরুরি। তথ্য, প্রযুক্তি, পণ্য, পুঁজি, ভাষা, কর্মবাজার, সংস্কৃতি—সবই সীমানা অতিক্রম করছে। এই সব স্তর শেষে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা এসে দাঁড়ায় এক কেন্দ্রে তা হলো শিক্ষার মুক্তি। তাঁর কাছে শিক্ষার প্রথম বন্দিত্ব মুখস্থবিদ্যা। মুখস্থ শিক্ষা মানুষকে তথ্য মনে রাখতে শেখায়, ভাবতে শেখায় না। পরীক্ষার জন্য যতটা প্রস্তুত করে, জীবনের জন্য ততোটা ন। দ্বিতীয় বন্দিত্ব ভয়। যে শিক্ষায় শিক্ষককে ভয় করতে হয়, ভুল করতে ভয় লাগে, প্রশ্ন করতে ভয় লাগে, নম্বর হারানোর ভয় থাকে—সেখানে শেখা মুক্তভাবে ঘটে না। ভয় শিক্ষার্থীকে নীরব করে, অনুগত করে, নিরাপদ উত্তর মুখস্থ করতে শেখায়; কিন্তু অজানার দিকে এগোনোর সাহস দেয় না।
তৃতীয়টি ভাষার বন্দিত্ব; চতুর্থ বন্দিত্ব চার দেওয়ালের মধ্যে আটকে থাকা আর পঞ্চম বন্দিত্ব আনন্দহীনতা। যে শিক্ষা শিক্ষার্থীকে নিজের ভাষা থেকে বিচ্ছিন্ন করে, সে তার চিন্তার স্বাভাবিক পথকেই কঠিন করে তোলে। যে শিক্ষা কেবল শ্রেণিকক্ষ, বেঞ্চ, বোর্ড, ঘণ্টা ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে, তা জীবনের বৃহত্তর পাঠ থেকে বিচ্ছিন্ন হয়। আর যে শিক্ষা আনন্দহীন, তা ফল দিতে পারে, কিন্তু বিকাশ দিতে পারে না। এই সব বন্দিত্ব ভাঙার মধ্য দিয়েই শিক্ষার মুক্তি।
প্রযুক্তির যুগে শিক্ষার মুক্তি নতুন অর্থ পায়। ডিজিটাল প্ল্যাটফর্ম জ্ঞানকে সহজলভ্য করেছে, AI উত্তর তৈরি করতে পারে, অনুবাদ করতে পারে, সারাংশ লিখতে পারে। কিন্তু প্রযুক্তি যতই সহায়ক হোক, শিক্ষা যদি কেবল দ্রুত তথ্যপ্রাপ্তির বিষয়ে সীমাবদ্ধ হয়, তবে চিন্তার গভীরতা হারায়। দ্রুত উত্তর মানুষকে সবসময় গভীর বোঝাপড়ায় নিয়ে যায় না। তথ্যের ভিড়ে বিচারশক্তি, কনটেন্টের ভিড়ে মনোযোগ, সংযোগের ভিড়ে সম্পর্ক, দক্ষতার ভিড়ে নৈতিকতা—এসব শিক্ষার মাধ্যমেই তৈরি করতে হয়। প্রযুক্তি মানুষকে সহায়তা করতে পারে; কিন্তু মানুষকে মানুষ করে তুলতে পারে না।
একারণেই রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ আজ আরও জরুরি। আমাদের সময়ের শিক্ষা অনেক ক্ষেত্রে পরীক্ষানির্ভর, প্রতিযোগিতামুখী ও প্রযুক্তি-আসক্ত। শিক্ষার্থীকে মানুষ হিসেবে নয়, ভবিষ্যৎ কর্মী হিসেবে ভাবার প্রবণতা বাড়ছে। সাফল্যকে নম্বর, ডিগ্রি, চাকরি, আয় ও সামাজিক মর্যাদার সংকীর্ণ মাপে বিচার করা হচ্ছে। অথচ শিক্ষা শুধু পেশাগত প্রস্তুতি নয়; এটি মানুষের নৈতিক, নান্দনিক, সামাজিক, ভাষিক ও বৌদ্ধিক বিকাশের ক্ষেত্র। রবীন্দ্রনাথের মুক্ত শিক্ষা এই সংকীর্ণতার বিরুদ্ধে পূর্ণতার দাবি জানায়।
মুক্ত শিক্ষা ও মুক্ত মানুষের প্রথম বৈশিষ্ট্য স্বাধীন চিন্তা। দ্বিতীয়টি আত্মমর্যাদা; নিজের ভাষা ও সমাজকে ছোট মনে না করা। তৃতীয়টি হলো সৌন্দর্যবোধ; শিল্প, প্রকৃতি, গান, কবিতা, ঋতু ও মানুষের মুখে জীবনকে অনুভব করতে শেখা। চতুর্থ বৈশিষ্ট্য নৈতিকতা, যেখানে মানুষ শুধু নিজের উন্নতির কথা ভাবে না; অন্য মানুষের দুঃখ, সমাজের অসমতা, প্রকৃতির ক্ষয়, সংস্কৃতির অবমাননা ও জ্ঞানের বৈষম্যের প্রতিও সাড়া দেয়। পঞ্চম ক্ষেত্রটি হলো বিশ্বচেতনা, মানুষ স্বদেশকে ভালোবাসবে, কিন্তু স্বদেশকে কারাগার না বানিয়ে বিশ্বকে গ্রহণ করবে ।
কৃত্তিম প্রযুক্তির অভাবনীয় সাফল্যের যুগে এই মুক্ত মানুষের প্রয়োজন আরও বেড়েছে। যন্ত্র তথ্য দিতে পারে, উত্তর তৈরি করতে পারে, ভাষা অনুকরণ করতে পারে, দক্ষতার অনুশীলন করাতেও পারে। কিন্তু যন্ত্র সৌন্দর্যের সামনে থমকে দাঁড়াতে পারে না অথবা অন্যের দুঃখে হৃদয় প্রসারিত করতে পারে না। তাই ভবিষ্যতের শিক্ষা যদি কেবল প্রযুক্তি-দক্ষ মানুষ তৈরি করে, তবে তা যথেষ্ট হবে না। বরং মানুষ প্রযুক্তি ব্যবহার করবে, কিন্তু প্রযুক্তির দ্বারা ব্যবহৃত হবে না। যে তথ্য পাবে, সে তথ্য বিচার করতেও জানবে; দ্রুত শিখবে, কিন্তু গভীরতাকে হারাবে না।
শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের সারকথা এই—শিক্ষার মুক্তি ছাড়া মানুষের মুক্তি নেই। সত্য শিক্ষা সেই, যা মানুষকে নিজের ভাষায় দাঁড়াতে শেখায়, নিজের সমাজকে বুঝতে শেখায়, প্রকৃতিকে আত্মীয় করে তোলে, শিল্পে সাড়া দিতে শেখায়, অন্যের দুঃখে সাড়া দেয়, এবং বিশ্বকে গ্রহণ করে আত্মমর্যাদার সঙ্গে।
এজন্য রবীন্দ্রনাথকে আজও আমাদের দরকার। তিনি আমাদের অতীতে ফিরিয়ে নেন না, আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি গভীরভাবে ভাবতে বাধ্য করেন। তাঁর শিক্ষাদর্শ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ তৈরি করা ছাড়া শিক্ষার কোনো বড় লক্ষ্য নেই। আর মানুষ তৈরি মানে তাকে ছাঁচে ঢালা নয়, তাকে মুক্ত করা। সেই মুক্তির পথেই শিক্ষার সত্য, মানুষের মর্যাদা এবং সভ্যতার ভবিষ্যৎ নিহিত।

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। তাঁর সাহিত্য, গান ও চিন্তা উপমহাদেশের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসেও গভীর প্রভাব ফেলেছে। এত বিশাল প্রভাবের কারণেই জীবদ্দশা থেকে শুরু করে আজ পর্যন্ত তাঁকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক, সমালোচনা ও বিরোধিতা।
১০ ঘণ্টা আগে
আমাদের মধ্যে ধারণা আছে যে চার্জিং কেব্ল খুব সাবধানে বড় গোল করে পেঁচিয়ে না রাখলে ভেতরের তার ছিঁড়ে যেতে পারে। কিন্তু মাইকেল পেক্ট জানান, ধারণাটি আসলে একটি বড় ‘মিথ’।
১৬ ঘণ্টা আগে
আমাদের অনেকেরই সানস্ক্রিন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এজন্য সানস্ক্রিন কেনার সময় প্রায়ই আমরা কিছু ভুল করি।
২১ ঘণ্টা আগে
মেট গালায় এবারের আমন্ত্রিত অতিথিদের ছবিতে এখন সয়লাব সোশ্যাল মিডিয়া। প্রতিবছর বিশ্বের খ্যাতনামা তারকাদের পরনে অদ্ভুত সব ডিজাইনের জমকালো পোশাক দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। মনে জাগে হাজারো প্রশ্ন।
২ দিন আগে