হরমুজে জাহাজ চলাচলে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আইআরএনএ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৬: ১৮
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোতে সহায়তাসেবা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির বন্দরগুলোতে আটকে পড়া জাহাজগুলোকে কারিগরি সহায়তা, জ্বালানি সরবরাহ ও চিকিৎসাসেবা দেওয়া হবে। খবর আল জাজিরা

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ক্যাপ্টেনদের উদ্দেশে এ–সংক্রান্ত বার্তা দিয়েছে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা।

সংস্থাটি জানায়, আঞ্চলিক জলসীমায় চলাচলকারী সব জাহাজ বিশেষ করে ইরানের জলসীমা ও বন্দরে থাকা জাহাজে জ্বালানি সরবরাহ, চিকিৎসাসেবা এবং রক্ষণাবেক্ষণসংক্রান্ত সহায়তা পাবে।

এ ছাড়া অঞ্চলটির যোগাযোগ নেটওয়ার্ক ও ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) ব্যবস্থার মাধ্যমে টানা ৩ দিন প্রতিদিন ৩ বার এ বার্তা প্রচার করা হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতার খবর স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ বন্ধে সম্ভাব্য একটি চুক্তির ইঙ্গিত ইতিবাচক হিসেবে দেখছে ইসলামাবাদ। তবে এ মুহূর্তে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে না।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মধ্যস্থতাকারী হিসেবে আমরা কোনো তথ্য প্রকাশ করে দুই পক্ষের আস্থা নষ্ট করতে চাই না।

দ্বিতীয় দফার শান্তি আলোচনা কোথায় হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছে মন্ত্রণালয়। তবে আলোচনা ইসলামাবাদে হলে সেটিকে ‘সম্মানের বিষয়’ হিসেবে দেখবে পাকিস্তান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত