বিয়ের অনুষ্ঠান করতে চাচ্ছেন, জানতে হবে অতিথি নিয়ন্ত্রণ আইন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ছবি: সংগৃহীত

ইদানীং বিয়ের আয়োজন মানেই বিরাট ঝক্কি! মেহেদি উৎসব, গায়ে হলুদ, বিয়ে, বউ-ভাত, বিবাহ-উত্তর সংবর্বধনা—এ রকম নানা আয়োজন করতে হয়। আর আয়োজন মানেই হাজারো অতিথি, বিপুল খরচ। তাই অনেকেই বিয়ে করতেই ভয় পান।

এসব অহেতুক খরচের এবং খাদ্য সংকটের কথা মাথায় রেখে ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ‘গেস্ট কন্ট্রোল অর্ডার’ নামে একটি বিশেষ নির্দেশনা জারি করেছিল। ব্রিটিশ আমলের আইনি ধারার ওপর ভিত্তি করে এবং ১৯৫৬ সালের ‘কন্ট্রোল অব এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট’-এর ৩(১) ধারার ক্ষমতা ব্যবহার করে ওই বছরের ৩ জুলাই খাদ্য মন্ত্রণালয় এই আদেশটি কার্যকর করে।

সম্প্রতি বিষয়টি আবার সামনে এসেছে বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের একটি বক্তব্যের সূত্রে। গত ২২ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বিয়ে এবং গায়েহলুদের মতো অনুষ্ঠানে যে মাত্রাতিরিক্ত আড়ম্বর ও অপচয় হচ্ছে তা ঠেকাতে পুরনো এই ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ পুনরায় কার্যকর করার প্রস্তাব রাখেন।

আদেশে কী বলা আছে

আদেশের মূল শর্ত হচ্ছে—বিয়ে, জন্মদিন, আকিকা বা অন্য যেকোনো সামাজিক, ধর্মীয় কিংবা পারিবারিক অনুষ্ঠানে আয়োজক পরিবারের বাইরে ১০০ জনের বেশি অতিথিকে চাল বা গম থেকে তৈরি কোনো খাবার খাওয়ানো যাবে না।

অনিবার্য কারণে শতাধিক অতিথি আপ্যায়নের প্রয়োজন হলে আগেভাগেই সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে নির্ধারিত ফরমে অনুমতি নিতে হবে। এর পাশাপাশি ১০০ জনের বাইরে প্রতিটি অতিরিক্ত অতিথির জন্য সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জনপ্রতি ২৫ টাকা (প্রথমদিকে যা ছিল মাত্র ১০ টাকা) জমা দিতে হবে।

নজরদারি ও তল্লাশির ব্যবস্থা

আদেশ সঠিকভাবে পালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক, পুলিশের গেজেটেড কর্মকর্তা বা জেলা প্রশাসক ও ইউএনও মনোনীত সরকারি প্রতিনিধিকে যেকোনো অনুষ্ঠানস্থলে প্রবেশ ও তল্লাশি চালানোর আইনি অধিকার দেওয়া হয়েছে।

১৯৫৬ সালের মূল আইনের অধীনে এই আদেশ লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। নিয়ম অমান্য করলে অনুষ্ঠানের আয়োজক এবং যে ভেন্যুতে অনুষ্ঠান হয়েছে সেই স্থানের মালিক—উভয়কেই জরিমানা এমনকি কারাদণ্ড পর্যন্ত ভোগ করতে হতে পারে।

সংশোধনী ও বর্তমান অবস্থা

২০০৩ সালে আদেশটিতে একটি পরিবর্তন আনা হয়, যার ফলে মিলাদ মাহফিল, ইফতার পার্টি, কুলখানি, চেহলাম, ওরস বা শ্রাদ্ধের মতো খাঁটি ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলোকে অতিথি সীমা ও অতিরিক্ত ফির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আদেশটি এখনো আনুষ্ঠানিকভাবে বলবৎ থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই বললেই চলে। কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলে হাজার হাজার অতিথি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, অথচ অনুমতি নেওয়া বা ফি পরিশোধের বিষয়টি কেউ আর আমলে নেন না। বাংলাদেশে এ রকম বহু আইন রয়েছে, যেগুলো কাগজে টিকে আছে কিন্তু বাস্তবে অস্তিত্বহীন।

Ad 300x250

সম্পর্কিত