যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯: ৪১
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (১৫ আগস্ট) ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র-ইরান অপ্রকাশ্যে হালকা ধাঁচে বা ‘অর্ধ-আলোচনা’ চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই দাবির জবাবে আরাগচি বলেন, মধ্যস্থতাকারী কাতার এবং পাকিস্তানের মাধ্যমে কেবল কিছু বার্তা বিনিময় হয়েছে, তবে সেগুলোকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বলা যায় না।

যুদ্ধবিরতির সময়সীমা আরও ৬০ দিন বাড়ানোর খবর নাকচ করে আরাগচি বলেন, ‘ইসলামাবাদ স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধ অবসানের কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্র নিজেই সেই স্মারক লঙ্ঘন করায় পুনরায় লড়াই শুরু হয়েছে। তাই নতুন করে সময়সীমা বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না।’ তিনি জানান, ওই ৬০ দিন কেবল চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সুযোগ, যুদ্ধবিরতির মেয়াদ নয়।

ওমানের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ওমানের সঙ্গে তাঁদের যোগাযোগ যুক্তরাষ্ট্রের আলোচনার চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন এবং নিরাপদ পথ তৈরির কারিগরি আলোচনা। দুই দেশের বিশেষজ্ঞ ও সামরিক বাহিনী মিলে সাময়িক রুট তৈরির কাজ করছে, যা পরে স্থায়ী হবে।

তবে নতুন পথ নির্ধারণের সঙ্গে হরমুজ খুলে দেওয়াকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়ে আরাগচি বলেন, ‘রুট নির্ধারিত হওয়ার পর হরমুজ পুনরায় খোলা হবে কি না তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অন্যান্য আইনি ও রাজনৈতিক শর্তাবলি পূরণের ওপর।’

অন্যদিকে স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই হরমুজ প্রণালি নিজেদের অধীনে নিয়ে নেবে।

ট্রাম্প আরও বলেন, ‘ইরানকে চরমভাবে পরাজিত করার পর, খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’

ট্রাম্পের এই দাবির জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি বিবৃতিতে বলেন, ‘কোনো একটি টুইট, বিমানবাহী রণতরী, নির্বাহী আদেশ কিংবা নির্বাচনী বক্তব্যের মাধ্যমে হরমুজ দখল করা সম্ভব নয়। ইরান হুমকিকে ভয় পায় না কিংবা সামরিক ক্ষমতার প্রদর্শনীতে ভীত হয় না।’

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার সিদ্ধান্ত হয়নি: আরাগচি