হরমুজের ‘কর্তা’ দাবি করে টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান নয়, সুরক্ষার বিনিময়ে যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালিতে টোল আদায় করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সম্ভবত আমরাই পরিচালনা করব। আমরা এই প্রণালির অভিভাবক (গার্ডিয়ান) হতে যাচ্ছি।’

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র নিজেদের জনবল দিয়ে এই প্রণালিতে অন্যান্য দেশকে সুরক্ষা দেবে। তবে এই সুরক্ষার বিনিময়ে ধনী ও মিত্র দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করা হবে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক এই নৌরুটে কোনো ধরনের টোল আদায় গ্রহণযোগ্য নয়, যদি না তা যুক্তরাষ্ট্রের জন্য এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে আদায় করা হয়।’

এদিকে ইরান অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ করে দেশটিতে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে তিনি বলেন, “একটি চুক্তি হয়েছিল কিন্তু তারা তা ভেঙেছে। এরা সবসময় চুক্তি ভাঙে। আমরা তাদের বিরুদ্ধে মারাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছি।”

এই পরিকল্পনার জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে দেওয়া বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

তিনি সতর্ক করে বলেন, তেহরানের নির্ধারিত রুট বা সীমানার বাইরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জোলফাগারি আরও বলেন, ‘মার্কিন বাহিনীকে যেকোনো ধরনের সহায়তা দেওয়াকে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে।’

এই উত্তেজনার মধ্যেই সোমবার পর্যন্ত ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত ছিল। গত দুই দিনে ইরানের ছোট ছোট লক্ষ্যে হামলার পর সোমবার দুপুরে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অ্যাবাদান শহরের তিনটি স্থানে হামলা চালানো হয়।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে আধা-সরকারি তাসনিম নিউজ জানায়, এই হামলায় অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

এ ছাড়া স্থানীয় সময়ে দুপুরে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের কাছাকাছি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।

তথ্যসূত্র: আল-জাজিরা ও সিএনএন

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত