ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪০
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ভিডিও থেকে নেওয়া ছবি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ভিডিও থেকে নেওয়া ছবি

আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পায়নি ভারত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানিয়েছেন।

ব্রিকস সম্মেলনে কতজন রাষ্ট্র ও সরকারপ্রধানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, অংশগ্রহণকারী নেতাদের বিষয়ে শিগগিরই হালনাগাদ তথ্য জানানো হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, এ মুহূর্তে এ বিষয়ে জানানোর মতো কোনো তথ্য আমার কাছে নেই।

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাতের বিষয়টিও ব্রিফিংয়ে উঠে আসে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের অভিন্ন স্বার্থ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা নিশ্চিত তথ্য পাওয়া গেছে কি না, জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে কোনো আপডেট নেই।

তিনি জানান, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকেন্দ্রিক ছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা তিনটি যাত্রীবাহী ট্রেন সার্ভিস পুনরায় চালুর বিষয়ে দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠকের প্রসঙ্গও আসে ব্রিফিংয়ে।

এ বিষয়ে ভারতের রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ, জনগণের মধ্যে সম্পর্ক এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ রয়েছে। এসব কার্যক্রম এগিয়ে চলছে।

তবে বন্ধ থাকা তিনটি যাত্রীবাহী ট্রেন সার্ভিস পুনরায় চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই বলে জানান তিনি। এ বিষয়ে হালনাগাদ তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করেন জয়সোয়াল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত