শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা, উত্তপ্ত পশ্চিমবঙ্গ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮: ৫৩
নিহত চন্দ্রনাথ রথ। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতের এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’বলে মনে করছে পুলিশ। ঘটনার পর পশ্চিমবঙ্গজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর হিন্দুস্তান টাইমস

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মধ্যমগ্রামের দোহরিয়া এলাকায় চন্দ্রনাথ রথের গাড়ি থামায় মোটরসাইকেলে আসা কয়েকজন। এরপর খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। গাড়ির চালকও গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়।

তদন্ত–সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা অত্যন্ত নিখুঁতভাবে গুলি চালিয়েছে। রথ চালকের পাশের আসনে বসা ছিলেন। মূল লক্ষ্য ছিলেন তিনিই। তাঁর শরীরের ডান পাশের পেট ও বুকে গুলি লাগে। চিকিৎসকদের ভাষ্য, গুলি হৃদযন্ত্র ভেদ করে গেছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। রথের গাড়িটি হঠাৎ থেমে যায়। সামেন মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি গাড়ির বাঁ পাশ থেকে গুলি চালায়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

ঘটনার পর হাসপাতালের সামনে বিজেপি সমর্থকদের ভিড় জমে। সেখানে তৃণমূল কংগ্রেসবিরোধী স্লোগানও দেওয়া হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে দায়ী করা হয়নি। তবে দীর্ঘদিন ধরে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশ তাঁকে জানিয়েছে এটি ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড। গত তিন–চার দিন ধরে এ হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে।

দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, আইন নিজের হাতে তুলে না নিতে এবং তদন্তের ওপর আস্থা রাখতে। একই সঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একটি সন্দেহজনক গাড়িও জব্দ করা হয়েছে। যার নম্বরপ্লেট ভুয়া।

এদিকে তৃণমূল কংগ্রেসও এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। দলটির দাবি, ভোট–পরবর্তী সহিংসতায় তাদের কয়েকজন কর্মীও নিহত হয়েছেন। একই সঙ্গে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে দলটি।

গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় ইতিমধ্যে দেড় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যমগ্রামসহ কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

চন্দ্রনাথ রথ সরকারি চাকরি করতেন। তিনি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত