আলোচনার সময় হরমুজ টোলমুক্ত থাকবে: জেডি ভ্যান্স

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। ছবি: সংগৃহীত

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার সময়ে হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল আরোপ করবে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিন প্রণালিটি টোলমুক্ত থাকবে। খবর আল-জাজিরার।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, চুক্তির শর্ত অনুযায়ী আলোচনার পুরো সময় হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচল করা যাবে।

সম্প্রতি ইরান প্রণালিটি ব্যবহারের ক্ষেত্রে ফি বা টোল আরোপ করতে পারে—এমন খবর নিয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, এসব বক্তব্য মূলত ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আসছে।

তিনি বলেন, ইরানের কিছু পক্ষ চুক্তি থেকে দেশটি কী সুবিধা পাচ্ছে, সেটিকে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পাওয়া সুবিধাগুলো তুলনামূলকভাবে কম গুরুত্ব পাচ্ছে।

ভ্যান্স দাবি করেন, বাস্তবে হরমুজ প্রণালিতে কোনো টোল আরোপ করা হবে না। প্রণালিটি উন্মুক্ত থাকবে এবং ইতোমধ্যে সেখানে নৌযান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইরানে পারমাণবিক কর্মসূচি তদারকি করতে পরিদর্শক নিয়ে তিনি বলেন, চুক্তিতে পারমাণবিক পরিদর্শকদের ইরানে যাওয়ার বিষয় রয়েছে। তবে এখনও নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।

তিনি আরও বলেন, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো আইএইএ এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করবে। বিষয়টি সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান একটি স্বাভাবিক রাষ্ট্রের মতো আচরণ করুক। একটি সফল দেশ হিসেবে গড়ে উঠুক। তবে এর জন্য দেশটিকে দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত