রূপরেখা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। ছবি: রয়টার্স

সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কে আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশগ্রহণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোতে (ফ্রেমওয়ার্ক) ঐকমতে না পৌঁছানো পর্যন্ত কোনো আলোচনা হতে পারে না। খবর আল-জাজিরার।

খাতিবজাদেহ বলেন, ‘যতক্ষণ না আমরা একটি রূপরেখার বিষয়ে একমত হচ্ছি, ততক্ষণ আমরা আলোচনার তারিখ নির্ধারণ করতে পারছি না।’

তিনি জোর দিয়ে বলেন, আলোচনা যে বিষয়েই হোক না কেন, তাতে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের অধিকারগুলো সংরক্ষিত থাকতে হবে। তিনি আরও বলেন, ‘ইরান আন্তর্জাতিক আইনের বাইরে কোনো ভিন্ন নিয়ম মানবে না এবং নিজের অধিকারও ছাড়বে না।’

এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইরানি সূত্র জানিয়েছিল, তেহরান এখনো ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার বিষয়ে সম্মতি দেয়নি।

সূত্রটি আরও জানায়, ইরান মনে করছে, বার্তা বিনিময়ের সময় যুক্তরাষ্ট্র ‘অত্যধিক দাবি’ জানিয়েছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার শর্ত হিসেবে ইরান এই দাবিগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে।

তেহরান তাদের এই শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। সূত্রটি বলেছে, ‘আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি যে দ্বিতীয় দফায় আলোচনায় বসার বিষয়ে আমরা রাজি নই।’ তেহরান এটিও স্পষ্ট করেছে, ফলাফলহীন দীর্ঘস্থায়ী আলোচনায় দেশটি সময় নষ্ট করতে চায় না।

এর আগে ১১ এপ্রিল মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় দেশ দুটি।

আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে ছিলেন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সম্পর্কিত