জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার ৯ম দিনে যা যা ঘটল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

তেল আবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নবম দিনে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা রাজধানী তেহরান এবং দক্ষিণ-পশ্চিমের বুশেহর প্রদেশের জাম ও খোরমোজ এলাকায় একাধিক ড্রোন ভূপাতিত করেছে।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি জানায়, ড্রোনগুলো দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধ্বংস করা হয়েছে।

৯ দিনে নিহত ১,২৫৫, আহত ১২ হাজার

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, গত ৯ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ১,২৫৫ জন নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ২০০ জন নারী এবং স্কুলে হামলায় ১৬৮ শিশু নিহত। এছাড়া ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।

এদিকে, সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে টানা ২১৬ ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্বাভাবিক মাত্রার মাত্র ১ শতাংশ সংযোগ চালু আছে।

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তাঁর দ্বিতীয় ছেলে মুজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সামরিক বাহিনী, আইআরজিসি, প্রেসিডেন্সি ও পার্লামেন্টসহ সরকারের সব প্রতিষ্ঠান নতুন নেতার প্রতি সমর্থন জানিয়েছে।

মুজতবার নেতৃত্বে যুদ্ধের গতিপথ, পশ্চিমাদের সঙ্গে বিদেশনীতি এবং দেশের ভেতরে অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতি— এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুজতবাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ইরানের নতুন নেতা ‘সম্মানের সঙ্গে’ বাবার পথ অনুসরণ করবেন এবং ‘কঠিন পরীক্ষার মুখে’ থাকা ইরানিদের ঐক্যবদ্ধ করবেন বলে তিনি আত্মবিশ্বাসী।

অন্যদিকে, চীন এটিকে ইরানের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছে। আরি ইরাকের শিয়া সংগঠনগুলো এই নিয়োগকে ‘ইসলামী বিপ্লবের ধারাবাহিকতা’ হিসেবে স্বাগত জানিয়েছে।

তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা

যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে। ট্রেডিং ডট কমের প্রধান নির্বাহী পিটার ম্যাকগুয়ার জানিয়েছেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম ৭৫-৮০ ডলার থেকে লাফিয়ে এশিয়ার বাজারে ১১৬ ডলার পর্যন্ত পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হওয়াই এই বৃদ্ধির প্রধান কারণ।

তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে দাম ব্যারেলপ্রতি ১৪০-১৫০ ডলার পর্যন্ত যেতে পারে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের তেল ও গ্যাস সমন্বয় গোষ্ঠী এই সপ্তাহ জরুরি বৈঠকে বসছে।

লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে কমপক্ষে ৮৩ শিশু নিহত ও ২৫৪ জন আহত হয়েছে। প্রায় ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে ২ লাখ শিশু।

এদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো জানিয়েছেন, লেবানন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং ৬৯ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ইরান

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, সামরিক সংঘাত চলমান থাকায় যুদ্ধবিরতির আলোচনা এখন ‘অপ্রাসঙ্গিক’। ইরান এই যুদ্ধ শুরু করেনি। এই যুদ্ধ আমাদের শুরু করা নয়, আমাদের ওপর এটি চাপিয়ে দেওয়া হয়েছে।

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করে তিনি বলেন, কিছু ঘটনা ‘উদ্দেশ্যমূলকভাবে সাজানো’ হতে পারে।

উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক ও ক্ষোভ

যুদ্ধের আঁচ উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। আবুধাবিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি হামলা প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে দুজন আহত হয়েছেন। এর মধ্যে একজন জর্ডানের এবং একজন মিসরের নাগরিক।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি স্কাই নিউজকে জানিয়েছেন, ইরান কর্তৃক উপসাগরীয় দেশগুলোতে হামলা ‘বড় বিশ্বাসঘাতকতা’। যুদ্ধ শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই কাতারসহ উপসাগরীয় দেশগুলো আক্রান্ত হয়, যদিও তারা এই যুদ্ধে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল এবং কূটনৈতিক সমাধানের চেষ্টা করে যাচ্ছিল।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমা চাওয়ার পরও হামলা অব্যাহত থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। তবে কাতার ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

উপসাগরীয় দেশগুলো ‘নিরাপদ আশ্রয়’ পরিচিতিতে ধস

এদিকে, কাতারভিত্তিক মধ্যপ্রাচ্য বিশ্লেষক আহমেদ হেলাল আল জাজিরাকে বলেছেন, এই সংকটে উপসাগরীয় দেশগুলোর ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে যে পরিচিতি ছিল তা ভেঙে পড়েছে। কুয়েত ইতোমধ্যে তেল উৎপাদন অর্ধেকে নামিয়ে আনতে বাধ্য হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পর্যটন সম্পূর্ণ স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তুরস্ক ও মিসরের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশগুলোও বড় আর্থিক চাপে পড়বে।

অন্যদিকে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

ইসরায়েলে মিসাইল হামলা, একজন নিহত

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে দক্ষিণের নেগেভ মরুভূমি থেকে শুরু করে উত্তরে হাইফা, তিবেরিয়াস, জেজরিল উপত্যকা ও গ্যালিলি পর্যন্ত বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েলের প্রাণকেন্দ্র ইয়েহুদ এলাকায় এক হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে রুশ কর্মীদের প্রত্যাহার

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত ৬০০-এরও বেশি রুশ কর্মী ও তাদের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রটির নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সম্পর্কিত