‘বাধা’ সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা চালিয়ে যাবে পাকিস্তান

তথ্যসূত্র:
তথ্যসূত্র:
আল-জাজিরা

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২২: ৩৩
সেপ্টেম্বরে হোয়াইট হাউসে ট্রাম্প ও শেহবাজ শরিফের করমর্দন, পাশে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্থতার পথে বিভিন্ন ‘বাধা’ ও চ্যালেঞ্জ থাকলেও পাকিস্তান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসলামাবাদে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই প্রত্যয় ব্যক্ত করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার’ হুমকির কয়েক ঘণ্টা পরই এই বিবৃতি দিল পাকিস্তান। কোনো সুনির্দিষ্ট বাধার কথা উল্লেখ না করেই তাহির আন্দ্রাবি জানান, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে অর্থবহ আলোচনার পরিবেশ তৈরি করতে কাজ করছে ইসলামাবাদ।

মুখপাত্র জানান, নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার ওপর যুক্তরাষ্ট্র ও ইরান—উভয়েরই আস্থা রয়েছে। এই আস্থার নিদর্শন হিসেবে ইরান ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে কৌশলগত হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক চীন সফর সম্পর্কে আন্দ্রাবি বলেন, বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকের পর একটি যৌথ ৫ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এই পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই প্রস্তাব ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইরানসহ অন্যান্য পক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে। উল্লেখ্য, গত রোববার (২৯ মার্চ) ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠক মূলত চীনের সঙ্গে পরিকল্পনার ধারাবাহিকতা। পাকিস্তান ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।

তবে আন্দ্রাবি ইরানের সার্বভৌম অবস্থানের কথা উল্লেখ করে জানান, তেহরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার খবর অস্বীকার করে আসছে এবং তারা তাদের নিজস্ব নীতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করছে।

ব্রিফিংয়ে আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আন্দ্রাবি জানান, চীনের উরুমকি শহরে পাকিস্তানি প্রতিনিধিদল আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে। গত ফেব্রুয়ারিতে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম উল্লেখযোগ্য উচ্চপর্যায়ের যোগাযোগ।

আন্দ্রাবি বলেন, “আলোচনায় পাকিস্তান নিজেদের উদ্বেগের বিষয়গুলো পুনর্ব্যক্ত করেছে। এখন আফগানিস্তানকেই প্রমাণ করতে হবে, তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে না।”

তিনি আরও জানান, গত ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের অভ্যন্তরে শুরু হওয়া পাকিস্তানের সামরিক অভিযান ‘অপারেশন গজব লিল-হক’ এখনো অব্যাহত রয়েছে। ঈদের কারণে কয়েক দিনের বিরতি থাকলেও বর্তমানে এই অভিযানে কোনো পরিবর্তন আনা হয়নি।

সম্পর্কিত