ইজিবাইকে তুলে প্রতিবন্ধী ধর্ষণের মামলায় চালক গ্রেপ্তার
স্ট্রিম সংবাদদাতানড়াইল ও সাভার (ঢাকা)

নড়াইলের লোহাগড়ায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় চালক সেলিম শেখকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ জুন) বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে লোহাগড়া থানার পুলিশ। সেলিম শেখ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।
ভুক্তভোগীর মা এজাহারে উল্লেখ করেন, শুক্রবার (৫ জুন) বিকেলে লোহাগড়ার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে তাঁর মেয়েকে সেলিম শেখ নিজের ইজিবাইকে তুলে নেন। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে লোহাগড়ার লুটিয়া বাজারে নামিয়ে দেন।
লোহাগড়া থানার এসআই বিজন কুমার সরকার জানান, সেলিম শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নড়াইল সদর হাসপাতালে ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাভারে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
ঢাকার সাভারে পাঁচ বছর বয়সীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিউল হাসান ওরফে রকি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার বিকেলে রবিউলকে ধরে পুলিশে তুলে দেয় এলাকাবাসী। হবিগঞ্জের নবীগঞ্জের সেদরাবাদ এলাকার বাসিন্দা রবিউল সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকেন। ভুক্তভোগী শিশুও ওই এলাকায় ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকত।
পুলিশ ও শিশুর পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকেলে খরগোশের বাচ্চা দেখানোর কথা বলে শিশুটিকে ঝোঁপের দিকে নিয়ে যায় রবিউল। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির সমবয়সী আরেকজন দেখতে পেয়ে বাড়ি গিয়ে মা-বাবাকে ডেকে আনে। এ সময় ওই যুবক পালিয়ে যায়। শুক্রবার রবিউল এলাকায় এলে লোকজন তাকে ধরে পুলিশে দেন।
সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ জানান, শিশুর বাবা শুক্রবার রাতে মামলা করেন। পরে রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়।
.png)






