শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ মালামাল উচ্ছেদ কার্যক্রমে বাধা দিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রমজান মাস উপলক্ষে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছিল এই অভিযান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টরা।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান শহরের প্রধান সড়কের দুই পাশে দখল করে রাখা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ ও প্রচারণা চালান। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শহরের মধ্যবাজার ও উত্তরবাজার এলাকায় প্রধান সড়কের দুই পাশে রাখা মালামাল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় রাস্তা দখল করে রাখা মালামাল জব্দ করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন। পরে সাবেক পৌর মেয়র ও নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কৈফিয়ত চান এবং স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে কি না, তা জানতে চান। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দ্রুত চলে যেতে বলেন।
ওইসময় স্থানীয় ব্যবসায়ী ও লোকজনও ভ্রাম্যমাণ আদালত ও স্বেচ্ছাসেবীদের উপর চড়াও হন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তাঁর সঙ্গে থাকা অন্যান্যরা।
নালিতাবাড়ী ইলেক্ট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট পরিচালনার এখতিয়ার প্রশাসনের আছে। তবে অফিসের লোক নয়, এমন স্বেচ্ছাসেবীদের নিয়ে দোকানে প্রবেশ করে মালামাল নেওয়ার এখতিয়ার নেই।
অভিযোগের বিষয়ে সাবেক পৌর মেয়র ও নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন বলেন, মোবাইল কোর্টের নামে বারবার ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, রাস্তার ওপর মালামাল না রাখতে শনিবার ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছিল। আজকের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, শনিবার প্রাথমিকভাবে সতর্ক ও প্রচারণা চালানো হয়। আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমাদের কাজে বাধা দেওয়া ও আক্রমণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও রাস্তার যানজট নিরসনে অভিযান চলছিল। সেখানে সাবেক মেয়র আনোয়ার হোসেন কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে মব সৃষ্টি করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা সৃষ্টি করে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের সেখান থেকে চলে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।